Library · bn

1 Thessalonians 4

4:1 আরও বলি ভাইয়েরা, আল্লাহ্‌কে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত সেই শিক্ষা তো তোমরা আমাদের কাছে পেয়েছ, আর সত্যিই তোমরা সেইভাবেই চলছ। তবুও হযরত ঈসার হয়ে আমরা তোমাদের অনুরোধ করছি ও উপদেশ দিচ্ছি যেন তোমরা আরও বেশী করে সেইভাবে চল। 4:2 হযরত ঈসার কাছ থেকে অধিকার পেয়ে আমরা তোমাদের কি কি হুকুম দিয়েছি তা তোমাদের জানা আছে। 4:3 আল্লাহ্‌র ইচ্ছা এই- তোমরা পবিত্র হও, অর্থাৎ সব রকম জেনা থেকে দূরে থাক, 4:4 আর যারা আল্লাহ্‌কে জানে না সেই অ-ইহুদীদের মত শরীরের কামনার বশে না চলে তোমরা প্রত্যেকে নিজের শরীরকে পবিত্রভাবে সম্মানের সংগে দমনে রাখতে শেখ। 4:6 এই ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোন ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলেছি এবং সাবধান করে দিয়েছি যে, এই সব অন্যায়ের জন্য প্রভুই শাস্তি দেবেন, 4:7 কারণ আল্লাহ্‌ অপবিত্র ভাবে চলবার জন্য আমাদের ডাকেন নি, পবিত্রভাবে চলবার জন্যই ডেকেছেন। 4:8 সেইজন্য এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং যিনি তাঁর পাক-রূহ্‌কে তোমাদের দান করেছেন সেই আল্লাহ্‌কেই অগ্রাহ্য করে। 4:9 ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই, কারণ আল্লাহ্‌ তোমাদের একে অন্যকে মহব্বত করতে শিখিয়েছেন। 4:10 আর সত্যিই তোমরা ম্যাসিডোনিয়া প্রদেশের সব ভাইদের মহব্বত কর। কিন্তু ভাইয়েরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ হল তোমাদের এই মহব্বত যেন আরও বেড়ে যায়। 4:11 আমরা তোমাদের যে হুকুম দিয়েছি সেইমত শান্ত জীবন কাটাতে, নিজের কাজে ব্যস্ত থাকতে এবং নিজের হাতে পরিশ্রম করতে বিশেষভাবে আগ্রহী হও, 4:12 যেন বাইরের লোকদের চোখে তোমাদের চলাফেরা উপযুক্ত হয় এবং অন্যের উপর ভরসা করতে না হয়। 4:13 ভাইয়েরা, আমরা চাই না যারা মারা গেছে তাদের কি হবে সেই সম্বন্ধে তোমাদের অজানা থাকে, যেন যাদের মনে কোন আশা নেই তাদের মত করে তোমরা দুঃখে ভেংগে না পড়। 4:14 আমরা যখন বিশ্বাস করি ঈসা মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন তখন আমরা এও বিশ্বাস করি, যারা ঈসার সংগে যুক্ত হয়ে মারা গেছে আল্লাহ্‌ তাদেরও ঈসার সংগে নিয়ে যাবেন। 4:15 প্রভুর শিক্ষামতই আমরা তোমাদের বলছি, আমরা যারা জীবিত আছি এবং প্রভুর ফিরে আসা পর্যন্ত জীবিত থাকব, আমরা কোনমতেই সেই মৃতদের আগে যাব না। 4:16 জোর গলায় হুকুমের সংগে এবং প্রধান ফেরেশতার ডাক ও আল্লাহ্‌র শিংগার ডাকের সংগে প্রভু নিজেই বেহেশত থেকে নেমে আসবেন। মসীহের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে। 4:17 তার পরে আমরা যারা জীবিত ও বাকী থাকব, আমাদেরও আকাশে প্রভুর সংগে মিলিত হবার জন্য তাদের সংগে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সংগে থাকব। 4:18 সেইজন্য তোমরা এই সব কথা বলে একে অন্যকে সান্ত্বনা দাও।