Library · bn

1 Thessalonians 5

5:1 ভাইয়েরা, কোন্‌ সময় আর কি রকম সময়ে তা ঘটবে সেই সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই। 5:2 তোমরা নিজেরাই ভাল করে জান যে, রাতের বেলায় যেভাবে চোর আসে প্রভুর সেই দিনটিও সেইভাবেই আসবে। 5:3 যখন লোকে বলবে, “শান্তি হয়েছে, ভয়ের কিছু নেই,” তখন গর্ভবতী স্ত্রীলোকের হঠাৎ প্রসব-বেদনা উঠবার মত করে ঐ লোকদের সর্বনাশ হবে। তারা কিছুতেই রক্ষা পাবে না। 5:4 কিন্তু ভাইয়েরা, তোমরা তো অন্ধকারে বাস করছ না যে, সেই দিনটা চোরের মত তোমাদের উপর এসে পড়বে। 5:5 তোমরা তো সবাই নূরের ও দিনের লোক। আমরা রাতের বা অন্ধকারের লোক নই। 5:6 সেইজন্য অন্যদের মত যেন আমরা না ঘুমাই, বরং জেগে থাকি এবং নিজেদের দমনে রাখি। 5:7 যারা ঘুমায় তারা রাতেই ঘুমায়, আর যারা মাতাল হয় তারা রাতেই মাতাল হয়। 5:8 আমরা কিন্তু দিনের লোক; কাজেই বুক রক্ষার জন্য ঈমান ও মহব্বত দিয়ে বুক ঢেকে এবং মাথা রক্ষার জন্য নাজাতের নিশ্চয়তা মাথায় দিয়ে এস, আমরা নিজেদের দমনে রাখি। 5:9 শাস্তি পাবার জন্য নয় বরং আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে নাজাত পাবার জন্যই আল্লাহ্‌ আমাদের ঠিক করে রেখেছেন। 5:10 মসীহ্‌ আমাদের জন্য মরেছিলেন, যাতে আমরা বাঁচি বা মরি, আমরা যেন তাঁরই সংগে জীবিত থাকতে পারি। 5:11 এইজন্য তোমরা এখন যেমন করছ তেমনি করে একে অন্যকে উৎসাহ দান করতে ও একে অন্যকে গড়ে তুলতে থাক। 5:12 ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, প্রভুর হয়ে তোমাদের পরিচালনা করেন এবং তোমাদের উপদেশ দিয়ে থাকেন, তাঁদের সম্মান কোরো। 5:13 তাঁরা যা করছেন তার জন্য মহব্বতের মনোভাব নিয়ে তাঁদের তোমরা বিশেষভাবে শ্রদ্ধা কোরো। তোমরা নিজেদের মধ্যে শান্তিতে থেকো। 5:14 ভাইয়েরা, আমরা তোমাদের এই উপদেশ দিচ্ছি- যারা অলস তাদের সাবধান কোরো; যাদের সাহস নেই তাদের সাহস দিয়ো; যারা দুর্বল তাদের সাহায্য কোরো এবং সকলকে ধৈর্যের সংগে সহ্য কোরো। 5:15 দেখো, অন্যায়ের বদলে কেউ যেন অন্যায় না করে। তোমরা সব সময় একে অন্যের, এমন কি, অন্য সকলের উপকার করবার চেষ্টা কোরো। 5:16 সব সময় আনন্দিত থেকো, সব সময় মুনাজাত কোরো, আর সব অবস্থার মধ্যে আল্লাহ্‌কে শুকরিয়া জানায়ো; কারণ মসীহ্‌ ঈসার মধ্য দিয়ে তোমাদের জন্য তা-ই আল্লাহ্‌র ইচ্ছা। 5:19 পাক-রূহ্‌কে নিভিয়ে ফেলো না। 5:20 যাঁরা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলেন তাঁদের কথা তুচ্ছ কোরো না, বরং সব কিছু যাচাই করে দেখো। 5:21 যা ভাল তা ধরে রেখো, 5:22 আর সব রকম খারাপী থেকে দূরে থেকো। 5:23 শান্তিদাতা আল্লাহ্‌ নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের হযরত ঈসা মসীহ্‌ আসবার সময়ে তোমাদের সম্পূর্ণ দেহ-রূহ্‌-মন নির্দোষ রাখুন। 5:24 মনে রেখো, যিনি তোমাদের ডেকেছেন তিনি নির্ভরযোগ্য; তিনি নিশ্চয়ই তা করবেন। 5:25 ভাইয়েরা, আমাদের জন্য মুনাজাত কোরো। 5:26 মহব্বতের মনোভাব নিয়ে সকলকে সালাম জানায়ো। 5:27 আমি প্রভুর নামে তোমাদের এই হুকুম দিচ্ছি যে, এই চিঠি যেন সব ভাইদের কাছে পড়ে শুনানো হয়। 5:28 আমাদের হযরত ঈসা মসীহের রহমত তোমাদের উপরে থাকুক।