Job 11
11:1 তখন নামাথীয় সোফর উত্তরে বললেন,
11:2 “এই সব কথার কি উত্তর দেওয়া হবে না? বাচালের কথা কি ঠিক বলে প্রমাণিত হবে?
11:3 তোমার এই বাজে কথা শুনে কি লোকে চুপ করে থাকবে? তুমি ঠাট্টা-বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?
11:4 তুমি ঈশ্বরকে বলছ, তোমার ধর্ম-বিশ্বাসে কোন খুঁত নেই এবং তাঁর চোখে তুমি খাঁটি।
11:5 আহা, ঈশ্বর যেন কথা বলেন, তোমার বিরুদ্ধে মুখ খোলেন
11:6 আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান, কারণ জ্ঞানের অনেক দিক আছে। এটা জেনে রেখো, তোমার পাপ অনুসারে ঈশ্বর তোমাকে শাস্তি দেন না।
11:7 ঈশ্বরের গুপ্ত বিষয়ের গভীরতা কতখানি তা কি তুমি বুঝতে পার? সর্বশক্তিমানের সীমা কতখানি তা কি তুমি তদন্ত করে দেখতে পার?
11:8 সেগুলো যে আকাশের চেয়েও উঁচু তা কি তুমি বুঝতে পার? সেগুলো মৃতস্থানের গভীরতার চেয়েও গভীর, তুমি কি তা জানতে পার?
11:9 মাপলে দেখা যাবে তা পৃথিবীর এক দিক থেকে অন্য দিকের চেয়েও লম্বা আর সাগরের চেয়েও চওড়া।
11:10 তিনি এসে যদি তোমাকে জেলে বন্দী করেন আর বিচার-সভা বসান, তবে কে তাঁকে বাধা দিতে পারে?
11:11 তিনি ভণ্ড লোকদের নিশ্চয়ই চেনেন; মন্দ কিছু দেখলে তিনি কি তা লক্ষ্য করবেন না?
11:12 বুনো গাধার বাচ্চা যেমন মানুষ হয়ে জন্মাতে পারে না, তেমনি বুদ্ধিহীন মানুষ জ্ঞানী হতে পারে না।
11:13 “কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাঁকে দিয়ে দাও, তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও,
11:14 তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও, আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,
11:15 তাহলে তুমি নিষ্কলংক হয়ে মাথা তুলবে আর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে।
11:16 তখন তোমার কষ্ট নিশ্চয়ই তুমি ভুলে যাবে, মনে হবে ওটা যেন কেবল বয়ে যাওয়া জল।
11:17 তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বল আর অন্ধকার হবে সকালবেলার মত।
11:18 তোমার সাহস থাকবে, কারণ আশা আছে; চারদিকে তাকিয়ে তুমি নিরাপদে বিশ্রাম করবে;
11:19 তুমি শুয়ে পড়লে কেউ তোমাকে ভয় দেখাবে না। অনেক লোক তোমার কাছে দয়া চাইবে।
11:20 দুষ্টেরা কিন্তু উদ্ধারের আশায় মিথ্যাই তাকাবে, তারা কোন আশ্রয় পাবে না; শেষ নিঃশ্বাসই হবে তাদের আশা।”