Library · bn

Job 12

12:1 তখন ইয়োব উত্তরে বললেন, 12:2 “তোমরা ভাব তোমরাই কেবল জ্ঞানী মানুষ আর তোমাদের মৃত্যুর সংগে সংগে জ্ঞানও মরে যাবে। 12:3 কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে; আমি তোমাদের চেয়ে নীচু নই; তোমরা যা বলেছ তা কে না জানে? 12:4 আমি ঈশ্বরকে ডাকতাম আর তিনি আমাকে উত্তর দিতেন, তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি; সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই। 12:5 সুখী লোকেরা দুঃখ-কষ্টকে তুচছ করে; তারা মনে করে যাদের পা পিছ্‌লে যায় দুঃখ-কষ্ট তাদেরই জন্য। 12:6 লুটেরাদের তাম্বুতে কোন গোলমাল নেই; যারা ঈশ্বরকে বিরক্ত করে তারা নিরাপদেই থাকে; ঈশ্বরই যেন তাদের সব কিছু দিয়েছেন। 12:7 “পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিখাবে; আকাশের পাখীদের বল, তারাও তোমাকে বলে দেবে; 12:8 পৃথিবীকে বল, সে-ও তোমাকে শিখাবে; সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে। 12:9 এরা সবাই জানে সদাপ্রভুর শক্তিই এ সব করেছে। 12:10 তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে; সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে। 12:11 জিভ্‌ যেমন খাবারের স্বাদ নেয় তেমনি কানও কথার পরীক্ষা করে। 12:12 তোমরা বলে থাক, বুড়ো লোকদের কাছে জ্ঞান পাওয়া যায় আর দীর্ঘ জীবন বুদ্ধির যোগান দেয়। 12:13 “কিন্তু জ্ঞান ও শক্তি ঈশ্বরের; পরামর্শ ও বুদ্ধি তাঁরই। 12:14 তিনি ভাঙ্গলে আর তা গড়া যায় না; তিনি কাউকে জেলে আটক করলে খালাস করা যায় না। 12:15 তিনি জল বন্ধ করে রাখলে খরা হয়; তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়। 12:16 শক্তি ও জ্ঞান তাঁরই; যাকে ছলনা করা হয়েছে আর যে ছলনা করে তারা দু’জনেই তাঁর হাতের নীচে। 12:17 তিনি মন্ত্রীদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন আর বিচারকদের বোকা বানান। 12:18 তিনি রাজার পোশাক কেড়ে নেন আর তাঁকে বন্দী করেন। 12:19 তিনি পুরোহিতদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন আর যারা শিকড় গেড়ে বসে আছে তাদের উপ্‌ড়ে ফেলেন। 12:20 বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেন আর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন। 12:21 তিনি উঁচু পদের লোকদের উপর ঘৃণা ঢেলে দেন আর শক্তিমানদের অস্ত্রহীন করেন। 12:22 অন্ধকারে লুকানো বিষয়গুলো তিনি প্রকাশ করেন আর ঘন ছায়াকে আলোতে আনেন। 12:23 তিনি জাতিদের মহান করেন আবার ধ্বংসও করেন, তাদের বাড়িয়ে তোলেন আবার বন্দীদশায়ও নিয়ে যান। 12:24 পৃথিবীর নেতাদের বিচারবুদ্ধি তিনি দূর করেন, পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন। 12:25 তারা আলো ছাড়াই অন্ধকারে হাঁত্‌ড়ে বেড়ায়; তিনি তাদের মাতালের মত হাঁটান।