Library · bn

Job 14

14:1 স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণকারী মানুষের জীবন অল্পদিনের, আর তা কষ্টে পরিপূর্ণ। 14:2 সে ফুলের মত ফুটে ওঠে তারপর শুকিয়ে যায়; সে ছায়ার মত চলে যায়, আর থাকে না। 14:3 এই রকম একজনের উপর কি তোমার চোখ পড়েছে? বিচারের জন্য কি তুমি আমাকে তোমার সামনে আনবে? 14:4 অশুচি থেকে কেউ কি শুচি কিছু তৈরী করতে পারে? কেউ পারে না। 14:5 মানুষের আয়ু স্থির করা আছে; তুমি তার মাসের সংখ্যা ঠিক করে রেখেছ; তার সীমা তুমি ঠিক করেছ, সে তা পার হতে পারে না। 14:6 কাজেই তার দিক থেকে তুমি তোমার চোখ ফিরাও, তাকে বিশ্রাম দাও; দিন-মজুরের মতই তাকে তার সময় কাটাতে দাও। 14:7 “গাছেরও আশা আছে; সেটা কেটে ফেললেও আবার গজাবে, তা থেকে আবার নতুন ডাল বের হবে। 14:8 মাটির মধ্যে তার শিকড় পুরানো হয়ে যায়, তার গোড়া মাটিতে মরে যায়। 14:9 তবুও জলের গন্ধ পেলে তা আবার গজায়; নতুন চারার মতই আবার তার ডালপালা বের হয়। 14:10 কিন্তু মানুষ মরলে সে শেষ হয়ে যায়; সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় যায়? 14:11 হ্রদের জল যেমন শুকিয়ে যায় আর নদী যেমন মরে যায়, 14:12 তেমনি মানুষ মরলে আর ওঠে না; আকাশ শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না, সে মরণ-ঘুম থেকে জেগে উঠবে না। 14:13 “আহা, তুমি যদি আমাকে মৃতস্থানে লুকিয়ে রাখতে, তোমার ক্রোধ চলে না যাওয়া পর্যন্ত গুপ্ত রাখতে, তারপর আমার জন্য একটা সময় ঠিক করে আবার আমাকে মনে করতে! 14:14 মানুষ মরে কি আবার জীবিত হবে? যদি হয়, তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতে আমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব। 14:15 তখন তুমি ডাকবে আর আমি সাড়া দেব; তোমার হাতে গড়া প্রাণীর জন্য তোমার প্রাণ কাঁদবে। 14:16 তখন তুমি আমার পায়ের ধাপ গুণবে কিন্তু আমার পাপের দিকে লক্ষ্য রাখবে না। 14:17 তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবে আর আমার পাপ সব ঢেকে দেবে। 14:18 “কিন্তু পাহাড় যেমন আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে ভেংগে পড়ে, পাথর যেমন তার নিজের জায়গা থেকে সরে যায়, 14:19 জল যেমন পাথরকে ক্ষয় করে আর জলের স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়, তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর। 14:20 তুমি চিরকালের জন্য তাকে দমন কর, আর সে চলে যায়; তার চেহারা বদলে দিয়ে তুমি তাকে দূর করে দাও। 14:21 তার ছেলেরা সম্মানিত হলে সে জানতে পারে না; তারা অসম্মানিত হলেও সে তা দেখতে পায় না। 14:22 সে কেবল তার দেহের যনণা বুঝতে পারে আর নিজের জন্যই শোক করে।”