Job 15
15:1 তখন তৈমনীয় ইলীফস উত্তরে বললেন,
15:2 “কোন জ্ঞানী লোক কি এইভাবে অনর্থক কথা বলবে কিম্বা পূবের গরম বাতাস দিয়ে পেট ভরাবে?
15:3 সে কি বাজে কথা দিয়ে তর্ক করবে না কি মূল্যহীন কথা বলবে?
15:4 কিন্তু তুমি তো ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করা ছেড়ে দিয়েছ আর ঈশ্বরের কাছে প্রার্থনা করাও কমিয়ে দিয়েছ।
15:5 তোমার পাপের জন্যই তুমি এইভাবে কথা বলছ আর কথা বলছ চালাক লোকদের মত।
15:6 আমি নই, কিন্তু তোমার নিজের মুখই তোমাকে দোষী করছে; তুমি তোমার নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দিচছ।
15:7 “মানুষের মধ্যে কি তুমিই প্রথমে জন্মেছ? পাহাড়ের জন্মের আগে কি তোমার জন্ম হয়েছিল?
15:8 ঈশ্বরের পরিকল্পনার কথা কি তুমি শুনেছ? তুমি কি একাই সমস্ত জ্ঞানের অধিকারী?
15:9 তুমি এমন কি জান যা আমরা জানি না, আর এমন কি বোঝ যা আমরা বুঝি না?
15:10 আমাদের মধ্যে এমন একজন আছেন যাঁর চুল পেকেছে, যিনি বৃদ্ধ; তাঁর বয়স তোমার বাবার বয়সের চেয়েও বেশী।
15:11 ঈশ্বরের দেওয়া সান্ত্বনা কি তোমার পক্ষে যথেষ্ট নয়? সেই কথা তো নরমভাবে তোমাকে বলা হয়েছে।
15:12 তোমার অন্তর কেন তোমাকে দূরে সরায়? তোমার চোখ কেন রাগে জ্বলে ওঠে?
15:13 এতে তো তুমি ঈশ্বরের বিরুদ্ধে রাগ করছ আর ঐ সব কথা তোমার মুখ থেকে বের করছ।
15:14 মানুষ কি যে, সে খাঁটি হতে পারে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি যে, নির্দোষ হতে পারে?
15:15 ঈশ্বর যদি তাঁর দূতদের উপর বিশ্বাস রাখতে না পারেন, তাঁর চোখে যদি আকাশও খাঁটি না হয়,
15:16 তাহলে মানুষ, যে জঘন্য ও খারাপ এবং জলের মত মন্দতা খায়, সে মোটেই খাঁটি হতে পারে না।
15:17 “আমার কথা শোন, আমি তোমাকে বুঝিয়ে বলি; আমি যা দেখেছি তা আমি তোমাকে বলব।
15:18 জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন আর তা সবই প্রকাশ করেছিলেন।
15:19 কেবল তাঁদের হাতেই দেশটা দেওয়া হয়েছিল, কোন বিদেশী তাঁদের জ্ঞানে ভেজাল দেয় নি।
15:20 দুষ্ট লোক সারা জীবন যন্ত্রণা ভোগ করে; নিষ্ঠুরেরা যতদিন বেঁচে থাকবে ততদিনই যন্ত্রণা ভোগ করবে।
15:21 তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে; যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবে তখন লুটেরারা তাকে আক্রমণ করবে।
15:22 তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে; তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।
15:23 সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় আর জিজ্ঞাসা করে তা কোথায়। সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।
15:24 দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায় আর শক্তিশালী রাজার মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,
15:25 কারণ সে ঈশ্বরকে ঘুষি দেখায় আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।
15:26 মোটা ও শক্ত ঢাল নিয়ে ঘাড় শক্ত করে সে ঈশ্বরের বিরুদ্ধে এগিয়ে যায়।
15:27 “তার মুখ চর্বিতে মোটা হয়ে গেছে আর কোমর মোটা হয়েছে মাংসে।
15:28 সে ধ্বংস হয়ে যাওয়া শহরে বাস করে; যে ঘরে কেউ থাকে না, যে ঘর ধ্বংসস্তূপ হবার জন্য তৈরী হয়ে আছে, সেখানে সে বাস করে।
15:29 সে আর ধনী থাকবে না, তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না, আর তার হাজার হাজার পশুও থাকবে না।
15:30 সে অন্ধকার এড়াতে পারবে না; সে এমন গাছের মত হবে যার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে; ঈশ্বরের মুখের শ্বাসে সে উড়ে যাবে।
15:31 বাজে জিনিষের উপর বিশ্বাস করে সে যেন নিজেকে না ঠকায়, কারণ সে তার বদলে কিছুই পাবে না।
15:32 সময়ের আগেই তার পাওনা শাস্তি সে পুরোপুরি পাবে; তার ডালপালা বেড়ে উঠবে না।
15:33 সে এমন আংগুর লতার মত হবে যা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে; সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে।
15:34 ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের কোন ছেলেমেয়ে থাকবে না; তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে।
15:35 তাদের গর্ভে থাকবে দুষ্টতা আর তারা জন্ম দেবে মন্দকে; তাদের গর্ভে সৃষ্টি হবে ছলনা।”