Library · bn

Job 17

17:1 “আমার মন ভেংগে গেছে, আমার আয়ু শেষ হয়ে আসছে, আমার জন্য কবর অপেক্ষা করছে। 17:2 ঠাট্টা-বিদ্রূপ কারীরা সত্যিই আমার চারপাশে আছে; তাদের বিরুদ্ধভাব আমি দেখতে পাচ্ছি। 17:3 “হে ঈশ্বর, যে জামিন তুমি চাও আমার পক্ষে সেই জামিন তুমিই হও; কে আর আমার হয়ে জামিন হবে? 17:4 তুমি তাদের বুঝবার মন বন্ধ করে দিয়েছ, কাজেই তুমি তাদের জয়ী হতে দেবে না। 17:5 লাভের আশায় যদি কেউ তার বন্ধুদের দোষী করে তবে তার সন্তানেরা কষ্ট ভোগ করবে। 17:6 “ঈশ্বর আমাকে সকলের টিট্‌কারির পাত্র করেছেন, যার মুখে সবাই থুথু দেয় তার মতই করেছেন। 17:7 আমার চোখ দুঃখে নিস্তেজ হয়ে এসেছে; আমার গোটা দেহটা ছায়ার মত হয়েছে। 17:8 এতে সৎ লোকেরা খুব অবাক হবে, আর নির্দোষেরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের বিরুদ্ধে জেগে উঠবে; 17:9 কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে, আর যাদের হাত শুচি তারা দিনে দিনে শক্তিশালী হবে। 17:10 “বেশ, তোমরা সবাই এসে আবার চেষ্টা কর। আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানী দেখি না। 17:11 আমার আয়ু প্রায় শেষ হয়েছে, আমার সব পরিকল্পনা বিফল হয়েছে, আমার অন্তরের ইচ্ছাগুলোও নষ্ট হয়ে গেছে। 17:12 এই লোকেরা রাতকে দিন বানায় আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’। 17:13 যদি আমার ঘর হিসাবে আমি মৃতস্থানকে আশা করি, অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি, 17:14 মৃতস্থানকে যদি বলি, ‘তুমি আমার বাবা,’ আর পোকাকে বলি, ‘আমার মা’ কিম্বা ‘আমার বোন,’ 17:15 তাহলে আমার আশা কোথায়? আর আমার আশার পূর্ণতা কে দেখতে পাবে? 17:16 সেই আশা মৃতস্থানের দুয়ার পর্যন্ত নেমে যাবে না; আমার সংগে তা ধুলায় মিশে যাবে না।”