Library · bn

Job 18

18:1 তখন শূহীয় বিল্‌দদ উত্তরে বললেন, 18:2 “তোমার এই সব কথা বলা কখন শেষ হবে? তুমি ঠিকভাবে চিন্তা কর, তাহলে আমরা কথা বলতে পারব। 18:3 আমাদের কেন পশুর মত মনে করছ? তোমার চোখে কেন আমরা বুদ্ধিহীন হয়েছি? 18:4 তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ; তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে? নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে? 18:5 “দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে; তার আগুনের শিখা জ্বলবে না। 18:6 তার তাম্বুর মধ্যে আলো অন্ধকার হবে; তার কাছে রাখা বাতি নিভে যাবে। 18:7 তার চলবার শক্তি দুর্বল হবে; তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে। 18:8 তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে; সে সেই জালের মধ্যে পা দেবে। 18:9 তার পায়ের গোড়ালী ফাঁদে পড়বে, আর ফাঁদ তাকে আটকে রাখবে। 18:10 তার জন্য মাটিতে ফাঁস লুকানো থাকবে; তার পথে ফাঁদ পাতা থাকবে। 18:11 ভয় তার চারপাশে থাকবে; তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে। 18:12 বিপদ তার জন্য হা করে আছে; সে পড়ে গেলেই ধ্বংস তার জন্য প্রস্তুত হয়ে আছে। 18:13 তা তার দেহের চামড়া খেয়ে ফেলবে; মৃত্যুর প্রথম সন্তান তার গোটা দেহটাই গিলে ফেলবে। 18:14 তার তাম্বুর নিরাপদ অবস্থা থেকে তাকে উপ্‌ড়ে ফেলা হবে; তাকে নিয়ে যাওয়া হবে ভয়-রাজার কাছে। 18:15 তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে। 18:16 নীচে তার শিকড় শুকিয়ে যাবে আর উপরে তার ডালপালা মরে যাবে। 18:17 পৃথিবী থেকে তার স্মৃতি মুছে যাবে; দেশে তার নাম থাকবে না। 18:18 তাকে আলো থেকে অন্ধকারে দূর করা হবে; জগৎ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। 18:19 নিজের জাতির মধ্যে তার কোন বংশধর থাকবে না; সে যেখানে থাকত সেখানে আর কেউ থাকবে না। 18:20 পশ্চিম দেশের লোকেরা তার দুর্ভাগ্য দেখে অবাক হবে, আর পূর্বদেশের লোকদের ভীষণ ভয় ধরে যাবে। 18:21 দুষ্ট লোকের বাসস্থান সত্যিই এই রকম হবে; যে ঈশ্বরকে জানে না তার দশা এই রকমই হবে।”