Library · bn

Job 20

20:1 তখন নামাথীয় সোফর উত্তরে বললেন, 20:2 “আমার চিন্তা আমাকে উত্তর দিতে বাধ্য করছে, কারণ আমি খুবই উত্তেজিত হয়েছি। 20:3 আমি এমন বকুনি শুনলাম যা আমাকে অসম্মানিত করছে; আমার বুদ্ধি উত্তর দিতে আমাকে জোর করছে। 20:4 তুমি নিশ্চয়ই জান সেই পুরানো দিন থেকে, পৃথিবীর উপরে মানুষকে স্থাপন করার পর থেকে, 20:5 দুষ্টদের আমোদ-প্রমোদ অল্পক্ষণ স্থায়ী। ঈশ্বরের প্রতি ভক্তিহীনের আনন্দ কেবল এক মুহূর্তের জন্য থাকে; 20:6 তার সম্মান যদিও আকাশ পর্যন্ত পৌঁছায় আর মাথা আকাশ ছোঁয়, 20:7 তবুও সে নিজের পায়খানার মত চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় গেল সে?’ 20:8 স্বপ্নের মত সে মিলিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না; রাতের দর্শনের মত সে অদৃশ্য হয়ে যাবে। 20:9 যারা তাকে দেখত তারা আর তাকে দেখবে না; তার বাসস্থানও আর তাকে দেখবে না। 20:10 গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে; তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে। 20:11 যৌবনের শক্তিতে পরিপূর্ণ তার হাড়গুলো তার সংগে ধুলায় শুয়ে থাকবে। 20:12 “মন্দ যদিও তার মুখে মিষ্টি লাগে আর সে জিভের নীচে তা লুকিয়ে রাখে, 20:13 যদিও সে তা ত্যাগ করতে না চেয়ে মুখের মধ্যে রেখে দেয়, 20:14 তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে; তার মধ্যে তা সাপের বিষের মত হবে। 20:15 যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে; ঈশ্বর তার পেট থেকে তা বের করে ফেলবেন। 20:16 সে সাপের বিষ চুষবে; সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে। 20:17 দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না। 20:18 যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেই ফিরিয়ে দিতে হবে; ব্যবসার লাভও সে আর ভোগ করবে না; 20:19 কারণ সে গরীবদের অত্যাচার ও অবহেলা করেছে, আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে। 20:20 “সে সব সময় লোভ করে, সেইজন্য সে কিছুই রক্ষা করতে পারবে না। 20:21 গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না; তার সৌভাগ্য স্থায়ী হবে না। 20:22 তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে; দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে। 20:23 তার পেট ভরবার সময়ে ঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপরে ঢেলে দেবেন, তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে। 20:24 যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়, তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে। 20:25 সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে, সে তার দেহ থেকে তা টেনে বের করবে। নানা রকম ভয় তার উপর আসবে। 20:26 তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে। যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবে আর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে। 20:27 আকাশ তার অন্যায় প্রকাশ করে দেবে; পৃথিবী তার বিরুদ্ধে উঠবে। 20:28 বন্যায় তার ঘরের সব কিছু নিয়ে যাবে, ঈশ্বরের ক্রোধের দিনে তা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে যাবে। 20:29 ঈশ্বর দুষ্টদের জন্য ঐ রকম অবস্থাই ঠিক করে রাখেন; ওটাই হল তাদের জন্য ঈশ্বরের দেওয়া অধিকার।”