Job 21
21:1 তখন ইয়োব উত্তরে বললেন,
21:2 “তোমরা আমার কথা মন দিয়ে শোন; সেটাই হবে আমাকে দেওয়া তোমাদের সান্ত্বনা।
21:3 আমার কথা বলবার সময় তোমরা আমাকে সহ্য কোরো; বলা শেষ হলে তারপর বিদ্রূপ কোরো।
21:4 “আমার নালিশ কি মানুষের কাছে? কেন আমি অধৈর্য হব না?
21:5 আমার দিকে তাকিয়ে তোমরা অবাক হও; তোমাদের মুখে হাত চাপা দাও।
21:6 এই সব কথা ভাবলে আমি ভয় পাই; আমার শরীরে কাঁপুনি ধরে যায়।
21:7 দুষ্টেরা কেন বেঁচে থাকে আর কেনই বা বুড়ো হয়? কেন তাদের শক্তি বেড়ে যায়?
21:8 তাদের চারপাশে থাকে তাদের সন্তানেরা, আর তাদের চোখের সামনে থাকে তাদের নাতি-নাতনীরা।
21:9 তাদের বাড়ী নিরাপদ ও ভয়শূন্য থাকে; ঈশ্বরের শাস্তি তাদের উপর থাকে না।
21:10 তাদের ষাঁড়গুলো মিলিত হলে তা কখনও বিফল হয় না; তাদের গাভীগুলো বাচ্চা দেয়, তাদের গর্ভ নষ্ট হয় না।
21:11 ভেড়ার পালের মত তাদের ছেলেমেয়েদের তারা বাইরে পাঠায়; তারা ভেড়ার বাচ্চার মত নেচে নেচে বেড়ায়।
21:12 তারা খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে গান করে; বাঁশীর সুর শুনে আনন্দ করে।
21:13 তারা সফলতার সংগে তাদের দিন কাটায় আর শান্তিতেই মৃতস্থানে নেমে যায়।
21:14 তবুও তারা ঈশ্বরকে বলে, ‘আমাদের কাছ থেকে তুমি দূর হও; তোমার পথ জানবার ইচ্ছা আমাদের মোটেই নেই।
21:15 সেই সর্বশক্তিমান কে যে, আমরা তার সেবা করব? তার কাছে প্রার্থনা করলে আমাদের কি লাভ হবে?’
21:16 কিন্তু তাদের সফলতা তো তাদের নিজেদের হাতে নয়, তাই আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।
21:17 “আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়? কতবারই বা তাদের উপর বিপদ আসে? কতবার ঈশ্বর ক্রোধে তাদের শাস্তি দেন?
21:18 কতবার তারা বাতাসের মুখে খড়ের মত হয় আর ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত হয়?
21:19 লোকে বলে, ‘একজন লোকের শাস্তি ঈশ্বর তার সন্তানদের জন্য জমা করে রাখেন।’ কিন্তু ঈশ্বর যেন সেই লোককেই শাস্তি দেন যাতে সে তার দোষ বুঝতে পারে।
21:20 সে নিজের চোখেই নিজের ধ্বংস দেখুক; সে সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।
21:21 তার আয়ু যখন শেষ হয়ে যাবে তখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?
21:22 “কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে? তিনি তো স্বর্গদূতদেরও বিচার করেন।
21:23 কেউ পরিপূর্ণ শক্তি, শান্তি ও আরামে থেকে মারা যায়;
21:24 তার দেহ পুষ্ট হয় ও হাড়ে যথেষ্ট মজ্জা থাকে।
21:25 আবার কেউ কখনও ভাল কিছু ভোগ না করে তেতো প্রাণ নিয়ে মারা যায়।
21:26 তারা একই ভাবে মাটিতে শুয়ে থাকে; পোকা তাদের দু’জনকেই ঢেকে ফেলে।
21:27 “তোমরা যা ভাবছ তা আমি ভাল করেই জানি; আমার বিরুদ্ধে তোমাদের সব মতলব আমার জানা আছে।
21:28 তোমরা বলছ, ‘এখন কোথায় গেল সেই বড় লোকের বাড়ী? কোথায় গেল সেই দুষ্ট লোকের তাম্বু?’
21:29 তোমরা কি কখনও যাত্রীদের এই বিষয়ে জিজ্ঞাসা করেছ? তোমরা কি তাদের এই কথার কোন দামই দেবে না যে,
21:30 দুষ্ট লোক বিপদের দিনে রেহাই পায় আর ক্রোধের দিনে রক্ষা পায়?
21:31 তার স্বভাবের কথা কে তার মুখের উপর বলবে? সে যা করেছে তার ফল কে তাকে দেবে?
21:32 যখন তাকে কবরে বয়ে নেওয়া হবে তখন সমস লোক তার পিছনে চলবে, আর অসংখ্য লোকের ভিড় তার আগে আগে যাবে। তার কবরটা পাহারা দেওয়া হবে; উপত্যকার মাটিও তাকে কোন কষ্ট দেবে না।
21:34 কাজেই তোমাদের এই অর্থহীন কথা দিয়ে কেমন করে তোমরা আমাকে সান্ত্বনা দিতে পারবে? তোমাদের উত্তরে মিথ্যা ছাড়া তো আর কিছুই নেই।”