Library · bn

Job 23

23:1 তখন ইয়োব উত্তরে বললেন, 23:2 “আজও আমার কান্না তিক্ততায় ভরা; আমি কাতরাচ্ছি, তবুও ঈশ্বরের ভারী হাত আমার উপরে রয়েছে। 23:3 যদি কেবল জানতাম কোথায় তাঁকে পাওয়া যায়, যদি তাঁর বাসস্থানে আমি যেতে পারতাম, 23:4 তবে আমি তাঁর কাছে আমার নালিশ জানাতাম আর আমার নিজের পক্ষে অনেক কথা বলতাম। 23:5 তখন তিনি আমাকে কি উত্তর দিতেন তা জানতে পারতাম, আর যা বলতেন তা বুঝতে পারতাম। 23:6 তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন? না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন। 23:7 তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত; আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য আমি উদ্ধার পেতে পারতাম। 23:8 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই; যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না। 23:9 উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না; তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না। 23:10 কিন্তু আমি কোন্‌ পথে যাই তা তিনি জানেন; তিনি আমাকে যাচাই করলে আমি খাঁটি সোনার মতই হব। 23:11 আমি বিশ্বসভাবে তাঁর পিছনে চলেছি; বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি। 23:12 তাঁর আদেশ থেকে আমি সরে আসি নি; আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার আমি বেশী মূল্য দিয়েছি। 23:13 কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন, কেউ তাঁকে বাধা দিতে পারে না; তাঁর যা খুশী তিনি তা-ই করেন। 23:14 তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন; ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে। 23:15 কাজেই আমি তাঁর সামনে ভীষণ ভয় পাই; এই সব ভাবলে তাঁকে আমার ভয় লাগে। 23:16 ঈশ্বর আমার অন্তর দুর্বল করেছেন; সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন। 23:17 যদিও অন্ধকার আমার মুখ ঢেকে রেখেছে তবুও তা আমাকে চুপ রাখতে পারে নি, ঘন অন্ধকারও তা পারে নি।