Library · bn

Job 32

32:1 ইয়োব নিজের চোখে নিজেকে ন্যায়বান মনে করছিলেন বলে ঐ তিনজন ইয়োবের কথার উত্তর দেওয়া বন্ধ করে দিলেন। 32:2 এতে রামের বংশের বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপর ভীষণ রেগে গেলেন, কারণ ইয়োব ঈশ্বরের চেয়ে নিজেকে ন্যায়বান মনে করছিলেন। 32:3 তিনি ঐ তিনজন বন্ধুর উপরেও খুব রেগে গেলেন, কারণ তাঁরা ইয়োবের কথার উত্তর দিতে না পেরেও তাঁকে দোষী করছিলেন। 32:4 তাঁদের সকলের চেয়ে ইলীহূ বয়সে ছোট ছিলেন বলে ইয়োবকে উত্তর দেবার জন্য তিনি অপেক্ষা করছিলেন। 32:5 পরে ঐ তিনজন লোকের উত্তর দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন। 32:6 সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন, “আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন, কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি, ভয় করেছিলাম। 32:7 আমি ভেবেছিলাম, যাঁদের বয়স বেশী তাঁরাই কথা বলুন, তাঁরাই জ্ঞান শিক্ষা দিন যাঁদের অনেক বছর পার হয়ে গেছে। 32:8 সত্যিই মানুষের মধ্যে আত্মা আছে, আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়। 32:9 কেবল বুড়ো লোকেরাই যে জ্ঞানবান তা নয়, যাঁদের বয়স বেশী কেবল তাঁরাই যে সঠিক বিষয় বোঝেন তা নয়। 32:10 “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন; আমিও আমার মতামত প্রকাশ করব। 32:11 আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম। যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেন তখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম। 32:12 আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবের কথার ভুল প্রমাণ করেন নি; তাঁর কথার উত্তরও আপনারা দেন নি। 32:13 এই কথা বলবেন না, ‘আমরা বুঝতে পেরেছি যে, মানুষ নয় কিন্তু ঈশ্বরই তাঁকে হারিয়ে দিতে পারেন।’ 32:14 ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেন নি; আপনাদের যুক্তি দিয়ে আমি তাঁকে উত্তর দেব না। 32:15 “ইয়োব, এঁরা হতভম্ব হয়েছেন, এঁদের আর কিছু বলবার নেই; এঁদের কথা হারিয়ে গেছে। 32:16 এঁরা তো এখন চুপ করেছেন, উত্তর না দিয়ে এঁরা থেমে গেছেন; আর কি আমার অপেক্ষা করা উচিত? 32:17 এখন আমিও আমার কথা বলব, আমার মতামত আমি প্রকাশ করব; 32:18 কারণ আমার বলবার মত অনেক কথা আছে, আমার আত্মা আমাকে কথা বলতে বাধ্য করছে। 32:19 আমার ভিতরটা থলিতে ভরা আংগুর-রসে ফেটে যাবার মত হয়েছে, নতুন চামড়ার থলির মতই ফেটে যাবার মত হয়েছে। 32:20 শান্ত হবার জন্য আমাকে কথা বলতে হবে; মুখ খুলে আমাকে উত্তর দিতে হবে। 32:21 আমি কারও প্রতি একচোখামি করব না, কিম্বা কোন মানুষকে তোষামোদ করব না; 32:22 আমি তোষামোদ করতে জানি না; যদি তা করি তবে আমার সৃষ্টিকর্তা আমাকে শীঘ্রই তুলে নিয়ে যাবেন।