Job 35
35:1 তারপর ইলীহূ বললেন,
35:2 “আপনি যে বলছেন আপনি ঈশ্বরের সামনে নির্দোষ, কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন?
35:3 আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ? পাপ না করলে আমি কি পাব?’
35:4 “আমি আপনাকে ও আপনার সংগীদের এর উত্তর দিতে চাই।
35:5 আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন; দেখুন, মেঘ আপনার কত উপরে আছে।
35:6 আপনি যদি পাপ করেন তাতে ঈশ্বরের কি হয়? আপনার অন্যায় যদি অনেক হয় তাতেই বা তাঁর কি আসে যায়?
35:7 আপনি যদি নির্দোষ হন তবে তাঁর কি উপকার হবে? আপনার হাত থেকে তিনি কিছুই চান না।
35:8 আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে, আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
35:9 “অত্যাচারের ভারে লোকে চিৎকার করে; তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে।
35:10 কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা ঈশ্বর কোথায়, যিনি রাতের বেলায় আনন্দের গান দান করেন?
35:11 তিনি তো পৃথিবীর পশুদের চেয়ে আমাদের বেশী শিক্ষা দেন আর আকাশের পাখীদের চেয়ে বেশী জ্ঞান দান করেন।’
35:12 লোকেরা যখন কাঁদে তখন তিনি উত্তর দেন না, কারণ তারা অহংকারী ও দুষ্ট।
35:13 তাদের প্রার্থনায় কোন লাভ হয় না, কারণ ঈশ্বর তা শোনেন না; সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।
35:14 আপনি বলছেন যে, আপনি তাঁকে দেখতে পান না, আপনার মামলা তাঁর সামনে রয়েছে, আর আপনি তাঁর বিচারের জন্য অপেক্ষা করছেন।
35:15 আপনি আরও বলছেন যে, তিনি ক্রোধে শাস্তি দেন না আর দুষ্টতার দিকে বিশেষ খেয়াল করেন না।
35:16 কাজেই ইয়োব বাজে কথা বলছেন; তিনি না জেনে অনেক কথা বলছেন।”