Library · bn

Job 34

34:1 তারপর ইলীহূ বললেন, 34:2 “হে জ্ঞানী লোকেরা, আমার কথা শুনুন; হে বুদ্ধিমানেরা, আমার কথায় কান দিন। 34:3 জিভ্‌ যেমন করে খাবারের স্বাদ নেয় তেমনি করে কান লোকের কথা পরীক্ষা করে দেখে। 34:4 কোন্‌টা ঠিক, আসুন, আমরা তা বিচার করে দেখি; কোন্‌টা ভাল আমরা তা খুঁজে দেখি। 34:5 “ইয়োব বলছেন, ‘আমি নির্দোষ, কিন্তু ঈশ্বর ন্যায়ভাবে আমার বিচার করেন নি। 34:6 আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে; বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’ 34:7 ইয়োবের মত কেউ আছে কি যিনি জলের মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন? 34:8 যারা মন্দ কাজ করে তিনি তাদের সংগে চলেন; তিনি দুষ্ট লোকদের সংগী হন। 34:9 তিনি বলেন, ‘ঈশ্বরকে সন্তুষ্ট করে মানুষের কোন লাভই হয় না।’ 34:10 “কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন। ঈশ্বর যে মন্দ কাজ করেন, সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক। 34:11 তিনি মানুষকে তার কাজের ফল দেন; তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন। 34:12 ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না। 34:13 পৃথিবীর ভার কি কেউ তাঁকে দিয়েছে? গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে? 34:14 যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন আর তাঁর আত্মা ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন, 34:15 তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত, তারা আবার ধুলা হয়ে যেত। 34:16 “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন; আমার কথায় কান দিন। 34:17 যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন? আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন? 34:18 তিনি তো রাজাদের বলেন, ‘তোমরা অপদার্থ,’ আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’ 34:19 তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না, গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না, কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ। 34:20 তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে; তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়; কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়। 34:21 “মানুষের চলাফেরার উপর ঈশ্বরের চোখ আছে; তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন। 34:22 এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেই যেখানে মন্দ কাজ করা লোকেরা লুকাতে পারে। 34:23 মানুষের বিচারের জন্য ঈশ্বরের কোন খোঁজ নেবার দরকার নেই; 34:24 তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেন আর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন। 34:25 তিনি তাদের কাজের হিসাব রাখেন বলে রাতের বেলা তিনি তাদের ধ্বংস করে ফেলেন আর তারা চুরমার হয়ে যায়। 34:26 তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন, 34:27 কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে; তাঁর কোন আদেশের প্রতি তাদের খেয়াল নেই। 34:28 তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়; তিনি অভাবীদের কান্না শোনেন। 34:29 অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না; তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না। তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন, 34:30 যাতে ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোক রাজত্ব করতে না পারে আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে। 34:31 “কোন লোক তো ঈশ্বরকে বলে নি, ‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না; 34:32 আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও; যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’ 34:33 আপনি যখন ঈশ্বরকে অগ্রাহ্য করছেন তখন ঈশ্বর কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন? মন স্থির করা আপনার কাজ, আমার নয়; কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন। 34:34 “বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন, জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন, 34:35 ‘ইয়োব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’ 34:36 ইয়োবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল, কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন। 34:37 তাঁর পাপের সংগে তিনি বিদ্রোহ যোগ করছেন; তিনি আমাদের সামনে ঈশ্বরকে অপমান করছেন আর ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলছেন।”