Library · bn

Job 38

38:1 তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন। তিনি বললেন, 38:2 “এ কে, যে জ্ঞানহীন কথা দিয়ে আমার পরিকল্পনাকে সন্দেহ করে? 38:3 তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে। 38:4 আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বল। 38:5 তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে? কে তার উপর মাপের দড়ি ধরেছে? 38:6 কিসের উপর পৃথিবীর থামগুলো স্থাপন করা হয়েছিল? আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল? 38:7 তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল আর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল। 38:8 “যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিল তখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল? 38:9 তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম, আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম। 38:10 আমি তার সীমা ঠিক করে দিয়েছিলাম; তার দরজা ও আগল আমি স্থাপন করেছিলাম। 38:11 আমি বলেছিলাম, ‘এই পর্যন্ত, আর নয়; এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে।’ 38:12 “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ কিম্বা ভোরকে তার পথ দেখিয়ে দিয়েছ, 38:13 যাতে সে পৃথিবীর কিনারা ধরে দুষ্টদের সেখান থেকে ঝেড়ে ফেলতে পারে? 38:14 মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকে পোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে। 38:15 দুষ্টদের আলো নিভিয়ে দেওয়া হয়, আর তাদের উঠানো হাত ভাংগা হয়। 38:16 “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছ কিম্বা সাগরের তলায় হেঁটেছ? 38:17 মৃতস্থানের ফটক কি তোমাকে দেখানো হয়েছে? সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ? 38:18 পৃথিবীটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ? যদি তুমি এই সব জান তবে বল। 38:19 “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোথায়? আর অন্ধকারই বা কোথায় বাস করে? 38:20 তুমি কি তাদের বাসস্থানে তাদের নিয়ে যেতে পার? তাদের বাড়ী যাবার পথ কি তুমি জান? 38:21 নিশ্চয়ই জান, তখন তো তোমার জন্ম হয়েছিল। তোমার তো অনেক, অনেক বয়স হয়েছে। 38:22 “তুমি কি তুষারের ভাণ্ডারে ঢুকেছ কিম্বা শিলার ভাণ্ডার দেখেছ? 38:23 সেগুলো আমি কষ্টের দিনের জন্য জমা করে রেখেছি, জমা করে রেখেছি যুদ্ধ আর লড়াইয়ের দিনের জন্য। 38:24 যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়, কিম্বা যেখান থেকে পৃথিবীতে পূবের বাতাস ছড়িয়ে পড়ে সেই জায়গা কোথায়? 38:25 ভারী বৃষ্টি আসবার জন্য এবং বাজ পড়া ও ঝড়-বৃষ্টির জন্য কে পথ করেছে, 38:26 যাতে জনশূন্য জায়গা জল পায়, জল পায় মরু-এলাকা যেখানে কেউ বাস করে না; 38:27 যাতে নির্জন পোড়ো জায়গা তৃপ্ত হয়, আর সেখানে ঘাস গজাতে পারে? 38:28 বৃষ্টির কি বাবা আছে? কে শিশিরের ফোঁটার জন্ম দিয়েছে? 38:29 কার গর্ভ থেকে বরফ আসে? আকাশ থেকে যে হিম পড়ে তার জন্মই বা কে দিয়েছে? 38:30 জল জমে পাথরের মত হয়ে যায়, আর সাগরের উপরটা জমে যায়। 38:31 “তুমি কি কৃত্তিকা নামে তারাগুলো বাঁধতে পার? কালপুরুষ নামে তারাগুলোর বাঁধন খুলে দিতে পার? 38:32 তুমি কি তারাপুঞ্জকে তাদের ঋতু অনুসারে বের করে আনতে পার, কিম্বা সপ্তর্ষি ও তার ছেলেমেয়েদের পথ দেখাতে পার? 38:33 আকাশের আইন-কানুন কি তুমি জান? পৃথিবীতে কি সেই আইন-কানুন স্থাপন করতে পার? 38:34 “তুমি কি মেঘ পর্যন্ত তোমার গলার স্বর তুলতে পার যাতে অনেক জল তোমাকে ঢেকে দিতে পারে? 38:35 তুমি কি বিদ্যুৎকে তার পথে পাঠাতে পার? সে কি তোমাকে বলবে, ‘এই যে আমি’? 38:36 কে অন্তরকে জ্ঞান দিয়ে সাজিয়েছে, কিম্বা মনকে বুঝবার শক্তি দিয়েছে? 38:37 মেঘ গুণে দেখবার বুদ্ধি কার আছে? আকাশের জলের কলসী কে উল্টাতে পারে, 38:38 যাতে ধূলিকণা গলে একসংগে মিশে যায় আর মাটির ঢেলাগুলো কাদা হয়ে যায়? 38:39 “যখন সিংহেরা গর্তের মধ্যে শুয়ে থাকে কিম্বা ঘন ঝোপে ওৎ পেতে থাকে, তখন সিংহীর জন্য কি তুমি শিকারের খোঁজ কর আর খিদের সময় সিংহকে খাবার দাও? 38:41 দাঁড়কাকের বাচ্চারা যখন ঈশ্বরের কাছে কাঁদে আর খাবারের অভাবে এদিক-সেদিক ঘুরে বেড়ায়, তখন কে তাদের খাবার যোগায়?