Job 39
39:1 “পাহাড়ী ছাগল কখন বাচ্চা দেয় তা কি তুমি জান? হরিণীর বাচ্চা দেওয়া কি কখনও তুমি দেখেছ?
39:2 তাদের বাচ্চা গর্ভে কতদিন থাকে তা কি তুমি গুণেছ? তাদের জন্ম দেবার সময় কি তুমি জান?
39:3 তারা নীচু হয়ে বাচ্চা দেয় আর তাদের প্রসবের যন্ত্রণা শেষ হয়ে যায়।
39:4 তাদের বাচ্চারা বড় হয় আর মাঠে শক্তিশালী হয়ে ওঠে; তারা মায়ের কাছ থেকে চলে যায়, আর ফিরে আসে না।
39:5 “বুনো গাধাকে কে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছে? কে তার দড়ির বাঁধন খুলে দিয়েছে?
39:6 তার ঘরের জন্য আমি মরু-এলাকা দিয়েছি, তার বাসস্থানের জন্য দিয়েছি নোনা জায়গা।
39:7 সে শহরের গোলমাল ঘৃণা করে, চালকের চিৎকার তার কানে আসে না।
39:8 তার চরবার জায়গা হল পাহাড়ী এলাকা; সে সেখানে সব রকম সবুজ গাছপালার খোঁজ করে।
39:9 “বুনো ষাঁড় কি তোমার কাজ করতে রাজী হবে? রাতে সে কি তোমার যাবপাত্রের কাছে থাকবে?
39:10 চাষের জমিতে কি তুমি তাকে জোয়ালের দড়ি দিয়ে বাঁধতে পারবে? সে কি তোমার জন্য উপত্যকায় চাষ করবে?
39:11 তার ভীষণ শক্তির জন্য কি তার উপর তুমি নির্ভর করবে? তোমার ভারী কাজ কি তুমি তাকে করতে দেবে?
39:12 সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবে সেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?
39:13 “উটপাখী জোরে জোরে ডানা ঝাপ্টায়, কিন্তু সারস পাখীর ডানা ও পালখের সংগে তার তুলনা হয় না।
39:14 উটপাখী মাটিতে ডিম পাড়ে আর বালিতে তা গরম হতে দেয়;
39:15 তার মনেও থাকে না যে, তা পায়ে গুঁড়িয়ে যেতে পারে কিম্বা কোন বুনো পশু তা পায়ে মাড়াতে পারে।
39:16 তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে, যেন সেগুলো তার নয়; সে চিন্তাও করে না যে, তার সমস পরিশ্রম বিফল হতে পারে,
39:17 কারণ ঈশ্বর তাকে জ্ঞান দেন নি কিম্বা বুঝবার শক্তিও দেন নি।
39:18 তবুও সে যখন পাখা ঝাপ্টায় তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।
39:19 “ঘোড়াকে কি তুমি শক্তি দিয়েছ? তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?
39:20 পংগপালের মত করে তুমি কি তাকে লাফ দেওয়াতে পেরেছ? তার নাকের গর্ব-ভরা শব্দ ভীষণ ভয় জাগায়।
39:21 সে জোরে জোরে পা ঘষে নিজের শক্তিতে আমোদ করে আর যুদ্ধের সময় আক্রমণ করতে যায়।
39:22 সে ভয়কে দেখে হাসে, কিছুতেই ভয় পায় না; তলোয়ারের সামনে থেকে সে সরে যায় না।
39:23 তার দেহের পাশে তীর রাখবার তূণ শব্দ করে ওঠে, আর ঝক্মক্ করে ওঠে বর্শা ও বল্লম।
39:24 সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে দৌড়ে যায়; তূরী বাজলে সে আর স্থির থাকতে পারে না।
39:25 তূরীর আওয়াজের সংগে সংগে সে নাক দিয়ে শব্দ করে; সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় আর সেনাপতিদের চিৎকার ও যুদ্ধের হাঁক শোনে।
39:26 “তোমার বুদ্ধিতেই কি বাজপাখী ওড়ে আর দক্ষিণ দিকে যাওয়ার জন্য ডানা মেলে দেয়?
39:27 তোমার আদেশেই কি ঈগল পাখী উঁচুতে ওড়ে আর উঁচু জায়গায় নিজের বাসা বাঁধে?
39:28 সে খাড়া পাহাড়ের উপরে বাস করে, আর রাতে তার চূড়ায় থাকে; সেই চূড়াই তার দুর্গ।
39:29 সেখানে থেকে সে খাবারের খোঁজ করে; তার চোখ দূর থেকে তার শিকার দেখতে পায়।
39:30 তার বাচ্চারা পেট ভরে রক্ত খায়; যেখানে মরা থাকে সেখানে তাকে দেখা যায়।”