Job 41
41:1 “তুমি কি বড়শীতে গেঁথে লিবিয়াথনকে টেনে আনতে পার, কিম্বা দড়ি দিয়ে তার জিভ্ বাঁধতে পার?
41:2 তুমি কি তার নাকের মধ্য দিয়ে নলের দড়ি পরাতে পার, কিম্বা বড়শী দিয়ে তার চোয়াল ছেঁদা করতে পার?
41:3 সে কি তোমার দয়া চাইবে? সে কি তোমার সংগে নরম কথা বলবে?
41:4 চিরজীবন তাকে তোমার দাস করে রাখার জন্য সে কি তোমার সংগে কোন চুক্তি করবে?
41:5 পাখীর সংগে যেমন খেলা করে তেমনি কি তুমি তার সংগে খেলা করবে কিম্বা তোমার মেয়েদের খেলার জন্য তাঁকে বেঁধে রাখতে পারবে?
41:6 জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে? ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?
41:7 তুমি কি তার চামড়া কোঁচ দিয়ে কিম্বা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার?
41:8 তুমি যদি তাকে ধরতে যাও তবে যে যুদ্ধ হবে তা তুমি কখনও ভুলবে না; তুমি আর কখনও তা করতে যাবে না।
41:9 তাকে দমন করবার সব আশাই মিথ্যা; তাকে দেখামাত্রই লোকে সাহস হারায়।
41:10 তাকে জাগাতে পারে এমন সাহসী কেউ নেই; তাহলে আমার সামনে কে দাঁড়াতে পারে?
41:11 আমার বিরুদ্ধে কার দাবি আছে যে, তার দাবি আমাকে মানতে হবে? আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার।
41:12 “লিবিয়াথনের দেহের অংশগুলোর কথা আমি বলব, তার শক্তি ও তার দেহের গঠনের কথা বলব।
41:13 তার গায়ের চামড়া কে খুলতে পারে? কে তার বর্ম বিঁধতে পারে?
41:14 তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজা কে খুলতে সাহস করবে?
41:15 তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত; সেগুলো শক্তভাবে একসংগে আট্কানো
41:16 আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে, তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না।
41:17 সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে; সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না।
41:18 তার হাঁচিতে আলো ছুটে বের হয়; তার চোখ দু’টা ভোরের চক্চকে আলোর মত।
41:19 তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে; তা থেকে আগুনের ফুল্কি ছুটে বের হয়।
41:20 নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধমা বের হয় তেমনি ধূমা বের হয় তার নাক থেকে।
41:21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে আর মুখ থেকে আগুনের শিখা বের হয়।
41:22 তার ঘাড়ে শক্তি থাকে; ভীষণ ভয় তার আগে আগে চলে।
41:23 তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত; সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না।
41:24 তার বুক পাথরের মত শক্ত, তা যাঁতার নীচের অংশের মত শক্ত।
41:25 সে উঠলে শক্তিশালীরা ভয় পায়; তারা ভয়ে পিছিয়ে যায়।
41:26 তলোয়ার দিয়ে তাকে আঘাত করলেও তার কিছু হয় না; বর্শা, বল্লম বা ছোট তীর ছুঁড়লেও কিছু হয় না।
41:27 সে লোহাকে খড় মনে করে আর ব্রোঞ্জকে মনে করে পচা কাঠের মত।
41:28 কোন তীর তাকে তাড়িয়ে দিতে পারে না; ফিংগার পাথর তার কাছে যেন তুষ।
41:29 গদা তার কাছে এক টুকরা খড়ের মত; বল্লমের শব্দে সে হাসে।
41:30 তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত; সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়।
41:31 পাত্রের ফুটন্ত জলের মত সে সাগরকে তোলপাড় করে আর সমুদ্রকে ঘেঁটে মলমের মত করে।
41:32 একটা চক্চকে দাগ সে তার পিছনে রেখে যায়; তা দেখতে পাকা চুলের মত মনে হয়।
41:33 পৃথিবীর কোন কিছুই তার সমান নয়; তাকে ভয়শূন্য করে সৃষ্টি করা হয়েছে।
41:34 গর্বিত সবাইকে সে নীচু চোখে দেখে; সে সমস্ত অহংকারীদের রাজা।”