Library · bn

Job 40

40:1 সদাপ্রভু ইয়োবকে আরও বললেন, 40:2 “সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? ঈশ্বরের সংগে যে তর্ক করে সে তাঁকে উত্তর দিক।” 40:3 তখন ইয়োব উত্তরে সদাপ্রভুকে বললেন, 40:4 “আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে উত্তর দেব? আমার মুখে আমি হাত চাপা দিয়েছি। 40:5 আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই; দু’বার বলেছি, কিন্তু আর বলব না।” 40:6 তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে বললেন, 40:7 “তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে। 40:8 তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে? তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে? 40:9 তোমার কি ঈশ্বরের মত শক্তি আছে? তোমার স্বর কি তাঁর গর্জনের মত? 40:10 তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়, আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক। 40:11 তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও; প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর। 40:12 সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও; দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর। 40:13 তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল; মৃতস্থানে তাদের বেঁধে রাখ। 40:14 তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে, তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে। 40:15 “বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি; সে গরুর মতই ঘাস খায়। 40:16 তার কোমরে কি শক্তি! তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা! 40:17 তার লেজ এরস গাছের মত নড়ে; তার ঊরুর মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো। 40:18 তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল, সেগুলো লোহার ডাণ্ডার মত। 40:19 ঈশ্বরের সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান; কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন। 40:20 পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়, সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে। 40:21 বাব্‌লা গাছের নীচে সে শুয়ে থাকে; জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে। 40:22 বাব্‌লা গাছ তার ছায়ায় তাকে ঢেকে রাখে; তাকে ঘিরে রাখে নদীর ধারের উইলো গাছ। 40:23 নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না; যর্দনের জল বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে। 40:24 তার চোখ আক্রমণ করে কেউ কি তাকে ধরতে পারে? কেউ কি ফাঁদে ফেলে তার নাক ছেঁদা করতে পারে?