Job 7
7:1 “এই পৃথিবীতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়, সে মজুরের মত দিন কাটায়।
7:2 দাস যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে, মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে,
7:3 তেমনি করেই মাসের পর মাস নিষ্ফলতা আমার ভাগে পড়েছে; আমি রাতের পর রাত কেবল দুঃখ পেয়েছি।
7:4 শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব? কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি।
7:5 পোকা আর ঘায়ের মাম্ড়িতে আমার দেহ ঢাকা পড়েছে; আমার চামড়া ফেটে গেছে এবং পুজঁ পড়ছে।
7:6 আমার দিনগুলো তাঁতীর মাকুর চেয়েও তাড়াতাড়ি চলছে; কোন আশা ছাড়াই সেগুলো শেষ হয়ে যাচেছ।
7:7 “হে ঈশ্বর, মনে রেখ, আমার জীবন একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; আমি তো আর সুখের মুখ দেখব না।
7:8 তোমার চোখ আর আমাকে দেখবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।
7:9 মেঘ যেমন অদৃশ্য হয়ে চলে যায়, তেমনি যে মৃতস্থানে যায় সে আর ফিরে আসে না।
7:10 সে তার বাড়ীতে আর ফিরে আসবে না; তার জায়গাও তাকে আর মনে রাখবে না।
7:11 “কাজেই আমি আর চুপ করে থাকব না। আমার মনের দারুণ ব্যথায় আমি কথা বলব; আমার তেতো প্রাণে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করব।
7:12 আমি কি সমুদ্র নাকি সাগরের জল-দানব যে, তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ?
7:13 যখন ভাবি আমার বিছানা আমাকে সান্ত্বনা দেবে আর আমার ঘুম আমার দুঃখ কমাবে,
7:14 তখন তুমি নানা স্বপ্ন দেখিয়ে আমাকে ভয় দেখাও, নানা দর্শন দিয়ে আমাকে ভীষণ ভয় ধরিয়ে দাও।
7:15 তাতে এই কংকাল শরীরে বেঁচে থাকার চেয়ে কেউ আমাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলুক তা-ই আমি চাই।
7:16 আমার প্রাণকে আমি ঘৃণা করি; আমি তো চিরকাল বেঁচে থাকতে চাই না। আমাকে ছেড়ে দাও; আমার আয়ু তো ক্ষণস্থায়ী।
7:17 “মানুষ কি যে, তাকে তুমি এত দাম দাও, আর তার প্রতি তুমি এত মনোযোগ দাও,
7:18 প্রতিদিন সকালে তুমি তার খোঁজ নাও, আর প্রতি মুহূর্তে তাকে তুমি পরীক্ষা কর?
7:19 আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না, কিম্বা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না?
7:20 হে মানুষের পাহারাদার, আমি যদি পাপ করেই থাকি তবে তাতে তোমার কি? তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ? আমি কি তোমার বোঝা হয়েছি?
7:21 কেন তুমি আমার দোষ ও আমার পাপ ক্ষমা কর না? কারণ আমাকে তো শীঘ্রই মাটিতে শুতে হবে; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।”