Job 8
8:1 তখন শূহীয় বিল্দদ উত্তরে বললেন,
8:2 “তুমি আর কতক্ষণ এই সব কথা বলতে থাকবে? তোমার কথাগুলো ঝোড়ো বাতাসের মত।
8:3 ঈশ্বর কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন? সর্বশক্তিমান কি ঠিক্কে বেঠিক করেন?
8:4 তোমার ছেলেমেয়েরা নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে পাপ করেছে, সেইজন্য তিনি পাপের শাস্তির হাতে তাদের তুলে দিয়েছেন।
8:5 কিন্তু তুমি যদি আগ্রহী হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা কর আর সর্বশক্তিমানের কাছে অনুরোধ জানাও,
8:6 যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক, তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেন আর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন।
8:7 তোমার ভবিষ্যৎ হবে এত সফলতায় পূর্ণ যে, মনে হবে তোমার প্রথম অবস্থা এর চেয়ে অনেক খারাপ ছিল।
8:8 “আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা কর; তাঁদের পূর্বপুরুষেরা যা শিখেছিলেন তার খোঁজ নাও।
8:9 আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না; পৃথিবীর উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।
8:10 তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে; তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।
8:11 “জলা জায়গা না হলে নল বড় হতে পারে না; জল না পেলে খাগ্ড়া বেড়ে উঠতে পারে না।
8:12 বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না, তখন জল না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়।
8:13 যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের দশা তা-ই হয়; ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।
8:14 যার উপর সে নির্ভর করে তা শক্ত নয়, তা মাকড়সার জাল মাত্র।
8:15 সে যদি তার উপর ভর দেয় তবে তা ভেংগে পড়বে, যদি সে তা আঁকড়ে ধরে তবে তা তাকে ধরে রাখতে পারবে না।
8:16 সে যেন সূর্যের আলোতে সতেজ একটা চারা, বাগানের সব জায়গায় তার ডালপালা ছড়িয়ে গেছে।
8:17 জড়ো হওয়া পাথরের চারপাশে তার শিকড়গুলো জড়িয়ে গেছে; পাথরের মধ্যে সে একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে।
8:18 কিন্তু তার জায়গা থেকে যখন তাকে তুলে ফেলা হবে তখন সেই জায়গা তাকে অস্বীকার করে বলবে, ‘আমি তোমাকে কখনও দেখি নি।’
8:19 দেখ, এছাড়া তার আর কোন আনন্দ নেই; সেই মাটিতে অন্যান্য চারা গজাবে।
8:20 “নির্দোষ মানুষকে ঈশ্বর কখনও ত্যাগ করেন না কিম্বা যারা মন্দ কাজ করে তাদের হাত শক্তিশালী করেন না।
8:21 এখনও তোমার মুখ তিনি হাসিতে ভরে দেবেন আর তোমাকে আনন্দে পূর্ণ করবেন।
8:22 যারা তোমাকে ঘৃণা করে তারা লজ্জিত হবে; দুষ্টদের বাসস্থান আর থাকবে না।”