Library · bn

Psalms 101

101:1 আমি তোমার অটল ভালবাসা ও ন্যায়বিচারের গান গাইব; হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব। 101:2 নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব; কবে তুমি আমার কাছে আসবে? আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব। 101:3 আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না। বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি; সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না। 101:4 আমার অন্তরে আমি কুটিলতাকে স্থান দেব না; মন্দতার সংগে আমার কোন যোগ থাকবে না। 101:5 যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব; যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছে তাদের আমি সহ্য করব না। 101:6 দেশের বিশ্বস্ত লোকদের দিকে আমার নজর থাকবে যাতে তারা আমার সংগে বাস করতে পারে; যাদের জীবন নিখুঁত তারাই আমার কাজ করবে। 101:7 ছলনাকারীরা আমার বাড়ীতে বাস করতে পারবে না; মিথ্যাবাদীরা আমার কাজে বহাল থাকতে পারবে না। 101:8 রোজ সকালে দেশের দুষ্ট লোকদের আমি শেষ করব, যাতে সদাপ্রভুর শহর থেকে প্রত্যেকটি অন্যায়কারীকে উপ্‌ড়ে ফেলা যায়।