Psalms 103
103:1 হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর; হে আমার অন্তর, তাঁর পবিত্রতার গৌরব কর।
103:2 হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর; তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।
103:3 তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন; তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।
103:4 তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন; তিনি তোমাকে অটল ভালবাসা ও মমতায় ঘিরে রাখেন।
103:5 যা মংগল আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন; তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।
103:6 সদাপ্রভু উচিত কাজ করেন; তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।
103:7 কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মোশিকে জানিয়েছেন; তাঁর কাজ তিনি ইস্রায়েলীয়দের দেখতে দিয়েছেন।
103:8 সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়; তিনি সহজে অসন্তুষ্ট হন না, তাঁর অটল ভালবাসার সীমা নেই।
103:9 তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না, চিরকাল ক্রোধ পুষে রাখেন না।
103:10 আমাদের পাপের শাস্তি যতটা আমাদের পাওনা ততটা তিনি আমাদের দেন না; আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।
103:11 পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল ভালবাসারও সীমা নেই।
103:12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।
103:13 সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে তেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
103:14 কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই; আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে।
103:15 ঘাসের আয়ুর মতই মানুষের আয়ু, মাঠের ফুলের মতই সে ফুটে ওঠে।
103:16 ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না; যে জায়গায় সেই ফুল ফুটেছিল সেই জায়গায়ও আর তাকে মনে রাখে না।
103:17 কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত, যারা তাঁর ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে, তাদের উপর তাঁর অটল ভালবাসা ও তাঁর বিশ্বস্ততা চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।
103:19 সদাপ্রভু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন; সব কিছুর উপরেই তাঁর রাজত্ব।
103:20 হে সদাপ্রভুর শক্তিশালী দূতেরা, যারা তাঁর কথার বাধ্য থেকে তাঁর আদেশ পালন করছ, তোমরা তাঁর গৌরব কর।
103:21 হে সদাপ্রভুর সেবাকারী শক্তিদলগুলো যারা তাঁর ইচ্ছা পালন করছ, তোমরা তাঁর গৌরব কর।
103:22 হে সদাপ্রভুর রাজ্যের সব স্থানে তাঁর সৃষ্ট সব কিছু, তোমরা তাঁর গৌরব কর; হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।