Library · bn

Psalms 104

104:1 হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর; হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি কত মহান! তুমি গৌরব ও মহিমার সাজে সেজে আছ। 104:2 কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ; আকাশটাকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ। 104:3 তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তি তুমি আকাশের জলের উপরে স্থাপন করেছ; তুমি মেঘকে করেছ তোমার রথ; তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর। 104:4 তুমি বাতাসকে তোমার দূত করেছ; জ্বলন্ত আগুনকে করেছ তোমার দাস। 104:5 তুমি পৃথিবীকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ; তা কখনও নড়বে না। 104:6 তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মত করে সাগরের জল দিয়ে ঢেকেছিলে; পাহাড়-পর্বতও সেই জলে ঢাকা ছিল। 104:7 কিন্তু সেই জল তোমার হুকুমে চলে গেল; তা ছুটে চলে গেল তোমার গর্জনে। 104:8 পাহাড়-পর্বত আরও উঁচু হয়ে উঠল, সব উপত্যকা আরও নীচু হয়ে গেল; তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্ত গিয়ে পৌঁছাল। 104:9 এইভাবে তুমি জলের সীমানা ঠিক করে দিয়েছ, যাতে জল আর কখনও সীমানা ডিংগিয়ে পৃথিবীকে ঢেকে না ফেলে। 104:10 উপত্যকার মধ্যে তুমিই জলের ফোয়ারা পাঠাও; সেই জল পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়। 104:11 তা জীবজন্তুদের জলের যোগান দেয়; তাতে বুনো গাধার পিপাসা মেটে। 104:12 জলের কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে, আর গাছের ডালে ডালে গান গায়। 104:13 তোমার স্বর্গের বাসস্থান থেকে তুমি পাহাড়-পর্বতের উপরে জল ফেল; তোমার সেই কাজের ফলে পৃথিবী তৃপ্ত হয়। 104:14 তুমি পশুপালের জন্য ঘাস আর মানুষের চাষের জন্য ফসলের গাছ জন্মাতে দাও, যেন জমি থেকেই সে তার খোরাক পেতে পারে- 104:15 আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে, তেল যা তার মুখকে উজ্জ্বল করে, আর রুটি যা তার অন্তরে আনে বল। 104:16 সদাপ্রভুর তৈরী সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়; তাঁর লাগানো লেবাননের এরস গাছও বৃষ্টি পায়। 104:17 সেই সব গাছে পাখীরা বাসা বাঁধে; সারসও বেরস গাছে ঘর বানায়। 104:18 উুঁচ উঁচু পাহাড়গুলোতে বুনো ছাগল বাস করে; পাহাড়ের খাঁজে খাঁজে শাফনের দল আশ্রয় নেয়। 104:19 ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ; তোমার সময়মত সূর্য অস্ত যায়। 104:20 তুমি অন্ধকার আনলে রাত হয়, বনের সব পশুরা তখন ঘুরে বেড়ায়। 104:21 যুবসিংহেরা শিকার খুঁজতে গিয়ে চিৎকার করে, ঈশ্বরের কাছে তাদের খাবার চায়। 104:22 সূর্য উঠলে তারা চলে যায় আর তাদের গর্তে শুয়ে পড়ে। 104:23 তখন মানুষ তার কাজে বের হয়, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। 104:24 হে সদাপ্রভু, তুমি অনেক কিছু সৃষ্টি করেছ; তোমার জ্ঞান দিয়ে সেই সব তৈরী করেছ; তোমার সৃষ্ট জিনিষে দুনিয়া ভরা। 104:25 ঐ যে বিরাট, বিশাল সমুদ্র- তা চলে বেড়ানো ছোট-বড় অসংখ্য জীবন্ত প্রাণীতে ভরা আছে। 104:26 তার মধ্যে ঐ চলছে জাহাজ, সেখানে লিবিয়াথনও আছে; তাকে তুমি সাগরে খেলা করার জন্য সৃষ্টি করেছ। 104:27 তারা সব তোমার মুখের দিকে চেয়ে আছে, যাতে ঠিক সময়ে তুমি তাদের খাবার দাও। 104:28 তুমি তাদের দিলে তারা তুলে নেয়; তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়। 104:29 তুমি মুখ লুকালে তারা ভয় পায়; তুমি তাদের জীবন-বায়ু নিয়ে গেলে তারা মরে যায়, আবার তারা ধুলা হয়ে যায়। 104:30 তোমার আত্মা পাঠালে তাদের সৃৃষ্টি হয়; তুমি নতুন নতুন প্রাণ দিয়ে পৃথিবীকে সাজাও। 104:31 সদাপ্রভুর গৌরব অনন্তকাল থাকুক; তিনি যেন নিজের কাজে আনন্দিত হন। 104:32 তিনি পৃথিবীর দিকে তাকালে তা কাঁপে; তাঁর ছোঁওয়াতে পাহাড়-পর্বত থেকে ধূমা বের হয়। 104:33 আমার সারা জীবন ধরে আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব; আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাইব। 104:34 আমার সব ধ্যান তাঁর কাছে মধুর হোক; আমি সদাপ্রভুর সংগে যুক্ত হয়ে আনন্দ করব। 104:35 পৃথিবীর বুক থেকে পাপীরা মুছে যাক; দুষ্ট লোকেরা সব শেষ হয়ে যাক। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর; সদাপ্রভুর প্রশংসা হোক।