Psalms 108
108:1 হে ঈশ্বর, আমার মন স্থির আছে; আমি গান গাইব আর আমার সমস্ত অন্তর দিয়ে গানের সুর তুলব।
108:2 ওহে বীণা ও সুরবাহার, জেগে ওঠো; আমি ভোরকে জাগিয়ে তুলব।
108:3 হে সদাপ্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
108:4 কারণ তোমার অটল ভালবাসা আকাশ থেকেও উঁচু, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
108:5 হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।
108:6 তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর; আমার ডাকে সাড়া দাও, যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।
108:7 ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
108:8 গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী, আর যিহূদা আমার রাজদণ্ড।
108:9 মোয়াব আমার পা ধোওয়ার পাত্র; আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব, আর পলেষ্টীয়ার উপরে জয়ের হাঁক দেব।”
108:10 কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত? কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
108:11 হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি? আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
108:12 হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর, কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
108:13 ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।