Library · bn

Psalms 107

107:1 “তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়; তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।”- 107:2 সদাপ্রভুর মুক্ত করা লোকেরা এই কথা বলুক, কারণ তিনি বিপক্ষের হাত থেকে তাদের ছাড়িয়ে এনেছেন; 107:3 তিনি অন্যান্য দেশ থেকে তাদের এক জায়গায় নিয়ে এসেছেন, নিয়ে এসেছেন পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে। 107:4 তারা মরু-এলাকার নির্জন জায়গায় ঘুরে বেড়ালো; বাস করার মত কোন শহর তারা খুঁজে পেল না। 107:5 তারা খিদে ও তেষ্টায় কষ্ট পেল, তাদের প্রাণ শ্রান্ত-ক্লান্ত হল। 107:6 বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন। 107:7 তিনি সোজা পথ দিয়ে তাদের নিয়ে গেলেন যেন তারা কোন শহরে গিয়ে বাস করতে পারে। 107:8 মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক। 107:9 যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান, আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন। 107:10 তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল, সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল; 107:11 কারণ তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করত, মহান ঈশ্বরের পরামর্শ তারা তুচ্ছ করত। 107:12 তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন; তারা উছোট খেল, সাহায্যকারী কেউ ছিল না। 107:13 বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন। 107:14 অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন; তিনি তাদের শিকল ভেংগে দিলেন। 107:15 মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাকে ধন্যবাদ দিক। 107:16 তিনি ব্রোঞ্জের ফটক ভেংগে ফেলেছেন আর লোহার আগল কেটে ফেলেছেন। 107:17 যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্য আর অন্যায়ের জন্য কষ্ট পেল। 107:18 তারা সমস্ত খাবার ঘৃণা করল আর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল। 107:19 বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন। 107:20 তাঁর বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন; তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন। 107:21 মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক। 107:22 তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক, আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক। 107:23 যারা জাহাজে করে সাগরে যায় আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে, 107:24 তারাই সদাপ্রভুর কাজ দেখেছে, গভীর জলে দেখেছে তাঁর আশ্চর্য আশ্চর্য কাজ। 107:25 একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল, তাতে বড় বড় ঢেউ উঠল। 107:26 ফলে নাবিকেরা উঠল আকাশ পর্যন্ত আর নামল জলের তলায়; বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল। 107:27 মাতালের মত তারা হেলেদুলে ঢলে পড়ল; তারা বুদ্ধিহারা হয়ে গেল। 107:28 বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন। 107:29 তিনি ঝড় থামিয়ে দিলেন, তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল। 107:30 সমুদ্র শান্ত হয়ে গেলে তারা খুশী হল; যে বন্দরে তারা যেতে চেয়েছিল সেখানেই তিনি তাদের নিয়ে গেলেন। 107:31 মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক। 107:32 সমাজের মধ্যে তারা তাঁর গৌরব করুক, বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক। 107:33 তিনি নদীগুলোকে মরু-এলাকা করে ফেলেন, ফোয়ারাকে করে ফেলেন শুকনা জমি, 107:34 আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ। যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যই তিনি এই সব করেন। 107:35 তিনি মরু-এলাকাকে পুকুর করে ফেলেন আর শুকনা জায়গাকে করে ফেলেন ফোয়ারা। 107:36 খিদেয় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান; তারা সেখানে শহর গড়ে তোলে। 107:37 তারা ক্ষেতে বীজ বোনে, আংগুর গাছ লাগায়, আর প্রচুর ফসল ফলায়। 107:38 তিনি তাদের আশীর্বাদ করেন আর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়; তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না। 107:39 অত্যাচার, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায় আর তাদের অবস্থা খারাপ হয়। 107:40 তিনি উঁচু পদের লোকদের উপরে অপমান ঢেলে দেন, পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন; 107:41 কিন্তু তিনি দুর্দশার নাগালের বাইরে অভাবীদের রাখেন, ভেড়ার পালের মত তাদের সন্তানের সংখ্যা বাড়ান। 107:42 ঈশ্বরভক্ত লোকেরা তা দেখে আনন্দিত হয়, কিন্তু অন্যায়কারীরা মুখ বন্ধ করতে বাধ্য হয়। 107:43 যে জ্ঞানী সে এই সব বিষয়ে মনোযোগ দিক আর সদাপ্রভুর অটল ভালবাসার বিষয় ভাল করে লক্ষ্য করুক।