Psalms 112
112:1 সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তাঁর আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য।
112:2 তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে; অন্তরে যে খাঁটি তার বংশ আশীর্বাদ পাবে।
112:3 তার ঘরে ধন ও সম্পদ থাকবে; তার সততা চিরকাল স্থায়ী।
112:4 যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়, কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ।
112:5 যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে তার মংগল হয়।
112:6 সে সব সময় স্থির থাকবে; ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে।
112:7 অমংগলের সংবাদেও সে ভয় পাবে না; তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে।
112:8 তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না; শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
112:9 সে খোলা হাতে গরীবদের দান করেছে; তার সততা চিরকাল স্থায়ী, তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে।
112:10 দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।