Library · bn

Psalms 113

113:1 সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর; সদাপ্রভুর গৌরব কর। 113:2 সদাপ্রভুর নাম ধন্য হোক, এখন ও চিরকাল হোক। 113:3 সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত সদাপ্রভুর গৌরব হোক। 113:4 সমস্ত জাতি সদাপ্রভুর অধীন; আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা। 113:5 আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত? তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন 113:6 আর নীচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান। 113:7 তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান, আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে; 113:8 যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে তাদের বসিয়ে দিতে পারেন, এমন কি, যারা তাঁর লোকদের মধ্যে উঁচু পদে আছে তাদের সংগে বসিয়ে দিতে পারেন। 113:9 তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। সদাপ্রভুর প্রশংসা হোক।