Psalms 115
115:1 আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, কিন্তু তোমার গৌরব হোক; তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক।
115:2 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় ওদের ঈশ্বর?”
115:3 আমাদের ঈশ্বর স্বর্গে আছেন; তাঁর ইচ্ছামত তিনি কাজ করেন।
115:4 ওদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে মানুষের হাতে গড়া।
115:5 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না;
115:6 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না।
115:7 তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
115:8 যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব প্রতিমার মত হবে।
115:9 হে ইস্রায়েলীয়েরা, সদাপ্রভুর উপর নির্ভর কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:10 হে হারোণের বংশ, সদাপ্রভুর উপর নির্ভর কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:11 হে সদাপ্রভুর ভক্তেরা, সদাপ্রভুর উপর নির্ভর কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:12 সদাপ্রভু আমাদের কথা মনে করেছেন, সেজন্য তিনি আমাদের আশীর্বাদ করবেন; হ্যাঁ, তিনি ইস্রায়েলের বংশকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের বংশকে আশীর্বাদ করবেন,
115:13 তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে আশীর্বাদ করবেন।
115:14 সদাপ্রভু তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন।
115:15 সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের আশীর্বাদ করুন।
115:16 স্বর্গ হল সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু পৃথিবীটা তিনি মানুষকে দিয়েছেন।
115:17 মৃতেরা তো সদাপ্রভুর গৌরব করে না; যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা গৌরব করে না;
115:18 কিন্তু আমরা সদাপ্রভুর গৌরব করব, গৌরব করব এখন থেকে চিরকাল। সদাপ্রভুর প্রশংসা হোক।