Library · bn

Psalms 116

116:1 আমি সদাপ্রভুকে ভালবাসি, কারণ তিনি আমার মিনতি শুনেছেন। 116:2 তিনি আমার কথায় কান দিয়েছেন, তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তাঁকে ডাকব। 116:3 মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, মৃতস্থানের যন্ত্রণা আমাকে পেয়ে বসেছিল; আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম। 116:4 তখন আমি সদাপ্রভুকে ডেকে বললাম, “হে সদাপ্রভু, আমি তোমার কাছে মিনতি করি, তুমি আমার প্রাণ বাঁচাও।” 116:5 সদাপ্রভু দয়াময় ও ন্যায়বান; আমাদের ঈশ্বর মমতায় পূর্ণ। 116:6 সদাপ্রভু সরলমনা লোকদের রক্ষা করেন; আমি অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু তিনিই আমাকে উদ্ধার করেছিলেন। 116:7 হে আমার প্রাণ, আবার শান্ত হও, কারণ সদাপ্রভু তোমার অনেক মংগল করেছেন। 116:8 হে সদাপ্রভু, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ, চোখের জল থেকে আমার চোখ, আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ। 116:9 আমি জীবিতদের মধ্যে সদাপ্রভুর সামনে চলাফেরা করব। 116:10 যখন আমি বলেছিলাম, “আমি খুব দুর্দশায় পড়েছি,” তখনও আমার বিশ্বাস ছিল। 116:11 আমি ভয় পেয়ে বলেছিলাম, “সব মানুষই মিথ্যাবাদী।” 116:12 সদাপ্রভু আমার যে সব মংগল করেছেন তার বদলে আমি তাঁকে কি দেব? 116:13 তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন, সেজন্য ঢালন-উৎসর্গের পেয়ালা আমি তুলে ধরব আর তাঁর গৌরব ঘোষণা করব। 116:14 সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছি তাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব। 116:15 সদাপ্রভুর কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী। 116:16 হে সদাপ্রভু, সত্যিই আমি তোমার দাস, তোমারই দাস, তোমার দাসীর ছেলে; তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ। 116:17 আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করব আর তোমার গৌরব ঘোষণা করব। 116:18 সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছি তাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব; 116:19 হে যিরূশালেম, তোমারই মধ্যে, সদাপ্রভুর ঘরের উঠানে আমি তা পূর্ণ করব। সদাপ্রভুর প্রশংসা হোক।