Psalms 121
121:1 আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব; কোথা থেকে আমার সাহায্য আসবে?
121:2 আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে।
121:3 তিনি তোমার পা পিছ্লে যেতে দেবেন না; যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়বেন না।
121:4 যিনি ইস্রায়েলীয়দের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না।
121:5 সদাপ্রভুই তোমার রক্ষাকারী; সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন।
121:6 দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না।
121:7 সমস্ত অমংগল থেকে সদাপ্রভুই তোমাকে রক্ষা করবেন; তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।
121:8 তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভুই তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন।