Psalms 122
122:1 আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল, “চল, আমরা সদাপ্রভুর ঘরে যাই।”
122:2 হে যিরূশালেম, আমরা তোমার ফটকের ভিতরে গিয়ে দাঁড়ালাম।
122:3 সেই যিরূশালেমকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা হয়েছে, যার মধ্যে কোন ধ্বংসস্থান নেই।
122:4 সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর লোকদের সমস্ত গোষ্ঠী; ইস্রায়েলকে দেওয়া আদেশ অনুসারে তারা উঠে যায় সদাপ্রভুকে ধন্যবাদ দেবার জন্য।
122:5 সেখানেই আছে বিচারের সব সিংহাসন, দায়ূদের বংশের লোকদের বিচারের সিংহাসন।
122:6 তোমরা যিরূশালেমের শান্তির জন্য এই প্রার্থনা কর, “যারা যিরূশালেমকে ভালবাসে তাদের মংগল হোক।
122:7 তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক, আর তার রাজবাড়ীর দালান-কোঠার মধ্যে থাকুক মংগল।”
122:8 আমার ভাই-বন্ধুদের মংগলের জন্যই আমি বলব, “যিরূশালেমের মধ্যে শান্তি থাকুক।”
122:9 আমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘর সেখানে আছে বলে আমি যিরূশালেমের মংগলের চেষ্টা করব।