Psalms 124
124:1 ইস্রায়েল বলুক, “যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
124:2 লোকে যখন আমাদের আক্রমণ করেছিল, তখন যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
124:3 তাহলে ওরা আমাদের বিরুদ্ধে রাগে জ্বলে উঠে আমাদের জ্যান্তই গিলে ফেলত,
124:4 বন্যা আমাদের ডুবিয়ে দিত, ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,
124:5 ফুলে-ফেঁপে ওঠা জল বয়ে যেত আমাদের উপর দিয়ে।”
124:6 ধন্য সদাপ্রভু! শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
124:7 শিকারীর ফাঁদ থেকে পাখী যেমন করে রক্ষা পায় তেমনি করে আমরা রক্ষা পেয়েছি; ফাঁদ ছিঁড়ে গেছে আর আমরা রক্ষা পেয়েছি।
124:8 সদাপ্রভু, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তাঁর কাছ থেকেই আমাদের সাহায্য আসে।