Psalms 132
132:1 হে সদাপ্রভু, তুমি দায়ূদের সমস্ত কষ্টের কথা মনে করে দেখ।
132:2 তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করেছিলেন, যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন,
132:3 “আমার ঘরে আমি ঢুকব না, কিম্বা বিছানাতেও শোব না;
132:4 আমার চোখে ঘুম আসতে দেব না, চোখের পাতায় তন্দ্রা নামতে দেব না;
132:5 যতক্ষণ না সদাপ্রভুর জন্য একটা জায়গা খুঁজে পাই, যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের জন্য একটা বাসস্থান খুঁজে পাই।”
132:6 আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম, যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম;
132:7 চল, আমরা তাঁর বাসস্থানে যাই, তাঁর পা-দানিতে উবুড় হয়ে তাঁর উপাসনা করি।
132:8 হে সদাপ্রভু, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস; তুমি এস, আর তোমার শক্তির সিন্দুক আসুক।
132:9 তোমার পুরোহিতেরা ন্যায়ের পোশাক পরুক, আর তোমার ভক্তেরা আনন্দে গান করুক।
132:10 তোমার দাস দায়ূদের দরুন তোমার অভিষিক্ত লোকের প্রার্থনা তুমি ফিরিয়ে দিয়ো না।
132:11 সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেন যা তিনি কখনও ভাঙ্গবেন না, “তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
132:12 তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করে আর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব, তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরে তোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”
132:13 সদাপ্রভু সিয়োনকে বেছে নিয়েছেন; তাঁর বাসস্থানের জন্য এটাই তিনি চেয়েছিলেন।
132:14 তিনি বলেছিলেন, “এটাই আমার চিরকালের বিশ্রামের স্থান; আমি এখানেই বাস করব, কারণ আমি তা-ই চেয়েছি।
132:15 আমি সিয়োনকে প্রচুর খাবার দিয়ে আশীর্বাদ করব; খাবার দিয়ে সেখানকার গরীব লোকদের তৃপ্ত করব।
132:16 আমি সিয়োনের পুরোহিতদের উদ্ধারের পোশাক পরাব; সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে গান করবে।
132:17 আমি সেখানে দায়ূদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব; আমার অভিষিক্ত লোকের জন্য আমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি।
132:18 আমি তার শত্রুদের লজ্জার পোশাক পরাব, কিন্তু তার মাথায় থাকবে উজ্জ্বল মুকুট।”