Psalms 138
138:1 হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব; এমন কি, দেব-দেবতাদের সামনেও আমি তোমার প্রশংসা-গান করব।
138:2 তোমার পবিত্র ঘরের দিকে আমি মাথা নীচু করব, আর তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্য তোমার গৌরব করব; কারণ তোমার প্রতিজ্ঞার পূর্ণতার মধ্য দিয়ে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ তা তোমার সুনামের চেয়েও মহান।
138:3 আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে উত্তর দিলে; আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে।
138:4 হে সদাপ্রভু, তোমার মুখের কথা শুনে পৃথিবীর সমস্ত রাজা তোমার গৌরব করবে।
138:5 তারা সদাপ্রভুর কাজ নিয়ে গান করবে, কারণ সদাপ্রভুর মহিমা মহৎ।
138:6 যদিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন, কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
138:7 যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি তখন তুমি আমার প্রাণ রক্ষা কর; তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর, আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে।
138:8 সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা চিরকাল স্থায়ী; তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।