Psalms 139
139:1 হে সদাপ্রভু, তুমি আমাকে ভাল করে পরীক্ষা করে দেখেছ আর আমাকে জেনেছ।
139:2 আমি যা কিছু করি তার সবই তো তুমি জান; তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পার।
139:3 তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয় খুব ভাল করে খোঁজ নিয়ে থাক; তুমি আমার জীবন-পথ ভাল করেই জান।
139:4 হে সদাপ্রভু, কোন কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জান।
139:5 তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছ, আর আমাকে তোমার অধীনে রেখেছ।
139:6 তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব; তা খুব উঁচু, আমার নাগালের বাইরে।
139:7 তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?
139:8 যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;
139:9 যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি,
139:10 সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে, তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে।
139:11 যদি আমি বলি, “অন্ধকার আমাকে ঢেকে ফেলবে, আর আমার চারপাশে যে আলো আছে তা অন্ধকার হয়ে যাবে,” তবুও তাতে কোন লাভ হবে না;
139:12 কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়। রাত দিনের মতই আলোময়; তোমার কাছে অন্ধকার আর আলো দুই-ই সমান।
139:13 তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ; মায়ের গর্ভে তুমিই আমার দেহের অংশগুলো একসংগে বুনেছ।
139:14 আমি তোমার গৌরব করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া; আশ্চর্য তোমার সব কাজ, আমি তা ভাল করেই জানি।
139:15 যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল, মায়ের গর্ভে যখন আমার দেহ নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল, তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।
139:16 তোমার চোখ আমার গড়ে-না-ওঠা দেহ দেখেছে। আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন আরম্ভ হয় নি, তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।
139:17 হে ঈশ্বর, তোমার এই সব পরিকল্পনা আমার কাছে কত দামী! সেগুলো অসংখ্য।
139:18 যদি সেগুলো আমি গুণি তবে তার সংখ্যা বালুকণার চেয়েও বেশী। আমি যখন জেগে উঠি তখনও আমি তোমার কাছেই থাকি।
139:19 হে ঈশ্বর, আমি চাই তুমি দুষ্টদের মেরে ফেল। ওহে রক্ত-পিপাসু লোকেরা, আমার কাছ থেকে দূর হয়ে যাও।
139:20 মন্দ চিন্তা নিয়ে তারা তোমার বিষয়ে নানা কথা বলে; তোমার শত্রুরা বাজে উদ্দেশ্যে তোমার নাম নেয়।
139:21 হে সদাপ্রভু, যারা তোমাকে অগ্রাহ্য করে আমি কি তাদের অগ্রাহ্য করি না? যারা তোমার বিরুদ্ধে ওঠে আমি কি তাদের ঘৃণার চোখে দেখি না?
139:22 তাদের আমি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করি; আমার শত্রু বলেই আমি তাদের মনে করি।
139:23 হে ঈশ্বর, তুমি আমাকে ভাল করে পরীক্ষা করে দেখ, আর আমার অন্তরের অবস্থা জেনে নাও; আমাকে যাচাই করে দেখ, আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও।
139:24 তুমি দেখ আমার মধ্যে এমন কিছু আছে কি না যা দুঃখ দেয়; তুমি আমাকে অনন্ত জীবনের পথে চালাও।