Psalms 141
141:1 হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এস; আমি ডাকলে তুমি আমার ডাকে কান দিয়ো।
141:2 আমার প্রার্থনা যেন সুগন্ধি ধূপের মত, আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার উৎসর্গের মত তোমার সামনে উপস্থিত হয়।
141:3 হে সদাপ্রভু, আমার মুখের উপর তুমি পাহারা বসাও, আমার ঠোঁটের দরজা তুমি চৌকি দাও।
141:4 আমার মনকে কোন মন্দ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না, যাতে অন্যায়কারীদের সংগে মন্দ কাজে আমি অংশ না নিই; তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।
141:5 একজন ঈশ্বরভক্ত লোক আমাকে আঘাত করুন, সেটা হবে বিশ্বস্ততা। তিনি আমাকে বকুনি দিন, সেটা হবে আমার মাথায় তেল দেওয়ার মত; আমার মাথা তা অগ্রাহ্য না করুক। কিন্তু আমার প্রার্থনা সব সময় অন্যায়কারীদের কাজের বিরুদ্ধে থাকবে।
141:6 তাদের শাসনকর্তাদের খাড়া পাহাড়ের উপর থেকে নীচে ফেলে দেওয়া হবে; তখন তারা আমার কথায় কান দেবে, কারণ তা মধুর।
141:7 মানুষ চাষ করে যেমন মাটি ভেংগে ফেলে তেমনি করেই আমাদের হাড়গুলো মৃতস্থানের মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে।
141:8 কিন্তু হে প্রভু সদাপ্রভু, আমার চোখ তোমার দিকে রয়েছে; আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
141:9 তারা আমার জন্য যে জাল পেতেছে তা থেকে আমাকে রক্ষা কর; অন্যায়কারীদের পাতা ফাঁদ থেকে আমাকে রক্ষা কর।
141:10 দুষ্টেরা তাদের নিজেদের জালে নিজেরাই ধরা পড়ুক, আর আমি সেই সময় নিরাপদেই তা পার হয়ে যাব।