Psalms 140
140:1 হে সদাপ্রভু, দুষ্ট লোকদের হাত থেকে আমাকে উদ্ধার কর; অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর।
140:2 তারা মনে মনে দুষ্ট ফন্দি আঁটে আর প্রতিদিন যুদ্ধ বাধায়।
140:3 তারা সাপের মত তাদের জিভ্ ধারালো করেছে; তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে। [সেলা]
140:4 হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর। অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর; আমার পা যেন পিছ্লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।
140:5 অহংকারী লোকেরা আমার জন্য ফাঁদ ও দড়ি ঠিক করে রেখেছে; তারা পথের পাশে তাদের জাল বিছিয়ে রেখেছে আর আমার জন্য ফাঁদ পেতেছে। [সেলা]
140:6 হে সদাপ্রভু, আমি তোমাকে বলেছি, “তুমিই আমার ঈশ্বর।” হে সদাপ্রভু, আমার মিনতির কান্নায় তুমি কান দাও।
140:7 হে প্রভু সদাপ্রভু, আমার শক্তিশালী উদ্ধারকর্তা, যুদ্ধের দিনে তুমিই আমার মাথা ঢেকে রাখ।
140:8 হে সদাপ্রভু, দুষ্টদের মনের ইচ্ছা তুমি পূর্ণ হতে দিয়ো না; তাদের ষড়যন্ত্র সফল হতে দিয়ো না, যেন তারা অহংকারী হয়ে না ওঠে। [সেলা]
140:9 যারা আমাকে ঘিরে ধরেছে তাদের মুখ যে সব অন্যায় করেছে তা তাদেরই মাথার উপর এসে পড়ুক।
140:10 তাদের উপর জ্বলন্ত কয়লা পড়ুক; আগুনের মধ্যে, গভীর গর্তের মধ্যে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হোক; যেন তারা আর কখনও উঠে আসতে না পারে।
140:11 নিন্দুকেরা যেন দেশের মধ্যে অধিকার না পায়; অত্যাচারী লোকদের পিছনে বিপদ অনবরত তাড়া করুক।
140:12 আমি জানি সদাপ্রভু দুঃখীদের পক্ষে রায় দেবেন আর অভাবীদের জন্য ন্যায়বিচার করবেন।
140:13 সৎ লোকেরা অবশ্যই তোমার গৌরব করবে, আর যারা অন্তরে খাঁটি তারা তোমার সামনে বাস করবে।