Library · bn

Psalms 147

147:1 সদাপ্রভুর প্রশংসা হোক। আমাদের ঈশ্বরের প্রশংসা-গান করা কত ভাল! তা কি সুন্দর! তাঁর গৌরব করা কত উপযুক্ত! 147:2 সদাপ্রভুই যিরূশালেমকে গড়ে তোলেন; দূর করে দেওয়া ইস্রায়েলীয়দের তিনিই জড়ো করেন। 147:3 যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন; তাদের সব ঘা তিনিই বেঁধে দেন। 147:4 তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন, তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন। 147:5 আমাদের প্রভু মহান, তাঁর শক্তি প্রচুর; তাঁর জ্ঞান-বুদ্ধির সীমা নেই। 147:6 সদাপ্রভু নম্র লোকদের ধরে রাখেন, কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন। 147:7 তোমরা সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের গান গাও; বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও। 147:8 তিনি আকাশ মেঘে ঢাকেন; তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেন আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন। 147:9 পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন; দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনিই তাদের খাবার দেন। 147:10 ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না, যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই; 147:11 কিন্তু যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে আর তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে, তাদের নিয়েই সদাপ্রভুর যত আনন্দ। 147:12 হে যিরূশালেম, সদাপ্রভুর গুণগান কর; হে সিয়োন, তোমার ঈশ্বরের গৌরব কর। 147:13 তিনিই তো তোমার ফটকগুলোর আগল শক্ত করেছেন, তোমার মধ্যে বাসকারী লোকদের আশীর্বাদ করেছেন। 147:14 তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন, আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন। 147:15 তিনি পৃথিবীতে তাঁর আদেশ পাঠান; খুব তাড়াতাড়ি তা পালন করা হয়। 147:16 তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান আর ছাইয়ের মত শিশির ছড়ান। 147:17 তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন; তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে? 147:18 তাঁর বাক্য পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন; তাঁর বাতাস বহালে জল বয়ে যায়। 147:19 যাকোবের কাছে তিনি তাঁর বাক্য প্রকাশ করেছেন, ইস্রায়েলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও আইন-কানুন। 147:20 অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি; তাঁর আইন-কানুন তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা হোক।