Library · bn

Psalms 148

148:1 সদাপ্রভুর প্রশংসা হোক। স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর। 148:2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা কর; হে তাঁর সমস্ত শক্তিদল, তাঁর প্রশংসা কর। 148:3 হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর; হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর। 148:4 হে স্বর্গ, তাঁর প্রশংসা কর; হে আকাশের উপরের জল, তাঁর প্রশংসা কর। 148:5 এরা সব সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হল। 148:6 এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন; তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না। 148:7 পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ, তাঁর প্রশংসা কর। 148:8 হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশা আর তাঁর আদেশ পালন-করা ঝোড়ো বাতাস, তাঁর প্রশংসা কর। 148:9 হে সমস্ত পাহাড়-পর্বত আর ফলের গাছ ও সমস্ত এরস গাছ, তাঁর প্রশংসা কর। 148:10 হে বুনো জানোয়ার ও সমস্ত পোষ-মানা পশু আর বুকে-হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী, তাঁর প্রশংসা কর। 148:11 হে পৃথিবীর রাজারা এবং সমস্ত জাতি আর রাজপুরুষেরা ও পৃথিবীর শাসনকর্তারা, তাঁর প্রশংসা কর। 148:12 হে যুবক ও যুবতীরা আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা, তাঁর প্রশংসা কর। 148:13 এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ একমাত্র তিনিই মহান; পৃথিবী ও আকাশের উপরেও তাঁর গৌরব রয়েছে। 148:14 তাঁর লোকদের তিনি শক্তিশালী করেছেন; তা তাঁর সমস্ত ভক্তদের গৌরব, তাঁর প্রিয় জাতি ইস্রায়েলের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক।