Psalms 16
16:1 হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।
16:2 আমি সদাপ্রভুকে বলেছি, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আর কিছুতে আমার মংগল নেই।”
16:3 পৃথিবীর যে সব লোক ঈশ্বরের, তাঁরা মহান; তাঁদের নিয়েই আমার সব আনন্দ।
16:4 যারা দেব-দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন-উৎসর্গ করে আমি তা করব না; দেব-দেবতার নামও আমি মুখে আনব না।
16:5 সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি; তুমিই আমার পিপাসার জল। আমার ভাগ্য তোমার হাতেই আছে।
16:6 আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার; আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
16:7 আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব যিনি আমাকে সুবুদ্ধি দেন; রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।
16:8 আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
16:9 এইজন্য আমার মন খুশীতে ভরা, আমার অন্তর আনন্দ করছে আর আমার দেহ নিরাপদে থাকবে;
16:10 কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।
16:11 জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ; তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ।