Library · bn

Psalms 20

20:1 তোমার দুঃখের দিনে সদাপ্রভু তোমার ডাকে সাড়া দিন; যাকোবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন। 20:2 তাঁর পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন আর সিয়োন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন। 20:3 তোমার সমস্ত উৎসর্গের কথা তাঁর মনে থাকুক, তোমার পোড়ানো-উৎসর্গগুলো তিনি গ্রহণ করুন। [সেলা] 20:4 তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন। 20:5 তোমার জয়ে আমরা যেন আনন্দ করি আর আমাদের ঈশ্বরের নামে পতাকা উড়াই। সদাপ্রভু তোমার সমস্ত প্রার্থনা গ্রাহ্য করুন। 20:6 এখন আমি জানি, সদাপ্রভু তাঁর অভিষেক করা লোককে রক্ষা করেন; তাঁর ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে তিনি পবিত্র স্বর্গ থেকে তাঁর অভিষেক করা লোকের ডাকে সাড়া দেন। 20:7 অনেকে তাদের রথের বড়াই করে, অনেকে করে তাদের ঘোড়ার, কিন্তু আমরা করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর। 20:8 তারা নীচু হয়েছে, তারা পড়ে গেছে, কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। 20:9 হে সদাপ্রভু, রক্ষা কর; হে রাজা, আমাদের ডাকে সাড়া দাও।