Psalms 21
21:1 হে সদাপ্রভু, তোমার শক্তি দেখে রাজা আনন্দিত হন; তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
21:2 তুমি তাঁর মনের ইচ্ছা পূরণ করেছ, তাঁর মুখের কথা অগ্রাহ্য কর নি। [সেলা]
21:3 মংগলের অনেক আশীর্বাদ নিয়ে তুমি তাঁকে এগিয়ে আনতে গেছ, তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট।
21:4 তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন, আর তুমি তাঁকে তা দিয়েছ; তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।
21:5 তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে; তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।
21:6 তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ; তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
21:7 সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন; মহান ঈশ্বরের অটল ভালবাসা তাঁকে স্থির রাখবে।
21:8 তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে; যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।
21:9 তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবে চুলার জ্বলন্ত কয়লার মত। সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন, তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
21:10 পৃথিবীর বুক থেকে তাদের বংশধরদের তুমি ধ্বংস করে ফেলবে; ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।
21:11 যদিও তারা তোমার বিরুদ্ধে দুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে, তবুও তারা তাতে সফল হতে পারবে না;
21:12 কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করে যখন তোমার ধনুকে টান দেবে, তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।
21:13 হে সদাপ্রভু, তোমার শক্তিতে তুমি প্রকাশিত হও; আমরা তোমার শক্তির প্রশংসা ও গান করব।