Psalms 25
25:1 হে সদাপ্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
25:2 হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়।
25:3 যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জায় পড়বে।
25:4 হে সদাপ্রভু, তোমার পথ আমাকে জানাও, আমাকে তোমার পথে চলতে শিখাও।
25:5 তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমিই আমার উদ্ধারকর্তা ঈশ্বর; সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
25:6 হে সদাপ্রভু, তোমার মমতা ও অটল ভালবাসার কথা তুমি ভুলে যেয়ো না; সে সব তো তোমার চিরকালের কাজ।
25:7 আমার যৌবনকালের পাপ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুমি মনে রেখো না; তোমার অটল ভালবাসার দরুন তুমি আমাকে মনে রেখো, কারণ হে সদাপ্রভু, তুমি মংগলময়।
25:8 সদাপ্রভু মংগলময় ও সৎ, সেজন্যই তাঁর পথের বিষয় তিনি পাপীদের শিক্ষা দিয়ে থাকেন।
25:9 তিনি নম্রদের ন্যায়পথে চালিয়ে নিয়ে যান আর তাঁর পথের বিষয় শিক্ষা দেন।
25:10 সদাপ্রভুর ব্যবস্থা ও আইন-কানুন অনুসারে যারা চলে, তাদের কাছে তাঁর সমস্ত পথই অটল ভালবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
25:11 আমার অন্যায়ের বোঝা খুব বেশী, তাই হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্যই আমার সেই অন্যায় তুমি ক্ষমা কর।
25:12 কে সেই লোক, যে সদাপ্রভুকে ভক্তি করে? কোন্ পথ তাকে বেছে নিতে হবে তা তিনি তাকে দেখিয়ে দেবেন।
25:13 সে মংগলের মধ্যে তার জীবন কাটাবে, আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
25:14 সদাপ্রভুকে যারা ভক্তি করে তাদের কাছেই তিনি তাঁর গুপ্ত উদ্দেশ্য প্রকাশ করেন, আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।
25:15 আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে, কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
25:16 আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া কর, কারণ আমি একা আর দুঃখী।
25:17 আমার অন্তরের যাতনা বেড়ে গেছে; আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
25:18 চেয়ে দেখ আমার দুঃখ ও কষ্টের দিকে; আমার সমস্ত পাপ তুমি ক্ষমা কর।
25:19 দেখ, আমার শত্রুর সংখ্যা কত; তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে।
25:20 আমার প্রাণ বাঁচাও ও আমাকে রক্ষা কর; আমাকে লজ্জায় পড়তে দিয়ো না, কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
25:21 আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।
25:22 হে ঈশ্বর, ইস্রায়েলকে তার সমস্ত কষ্ট থেকে মুক্ত কর।