Library · bn

Psalms 24

24:1 পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু সদাপ্রভুর; জগৎ ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর; 24:2 কারণ তিনিই গভীর জলের উপরে ভূমির ভিত্তি গাঁথলেন, আর সেই ভূমি মাটির নীচের জলের উপরে ধরে রাখলেন। 24:3 কে সদাপ্রভুর পাহাড়ে ওঠার যোগ্য? তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে? 24:4 কেবল সে-ই যোগ্য, যার হাত নির্দোষ, অন্তর খাঁটি, মন মিথ্যার দিকে নয়, আর মুখে নেই মিথ্যা শপথ। 24:5 সে সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাবে; সে যে তাঁরই ইচ্ছামত চলছে তার উদ্ধারকর্তা ঈশ্বর তা দেখিয়ে দেবেন। 24:6 এই রকম লোকেরা সদাপ্রভুর উপাসনা করে, তারা তাঁর মুখের দিকে তাকায়; এরাই যাকোবের বংশ। [সেলা] 24:7 হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের রাজা ভিতরে ঢুকবেন। 24:8 এই গৌরবের রাজা কে? তিনি সদাপ্রভু, যিনি শক্তিশালী ও মহান; সেই সদাপ্রভু, যিনি যুদ্ধে মহান। 24:9 হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের রাজা ভিতরে ঢুকবেন। 24:10 কে এই গৌরবের রাজা? সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গৌরবের রাজা। [সেলা]