Library · bn

Psalms 37

37:1 তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না, কিম্বা অন্যায়কারীদের দেখে হিংসা কোরো না; 37:2 কারণ ঘাসের মতই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবুজ লতা-গুল্মের মতই বেশী দিন টিকবে না। 37:3 সদাপ্রভুর উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর; নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল। 37:4 সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাক; তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন। 37:5 তোমার জীবন-পথের ভার সদাপ্রভুর উপর ফেলে দাও; তাঁর উপর নির্ভর কর, তিনিই সব করবেন। 37:6 তিনিই তোমার সততাকে আলোর মত উজ্জ্বল করে তুলবেন; তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মত স্পষ্ট করবেন। 37:7 সদাপ্রভুর সামনে শান্ত হও; ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর। নিজের কাজ সফল করতে যে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়, তার দরুন তুমি উতলা হোয়ো না। 37:8 রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর; উতলা হোয়ো না, কারণ তা তোমাকে কেবলই মন্দের দিকে নিয়ে যাবে। 37:9 দুষ্ট লোকদের ধ্বংস করা হবে, কিন্তু সদাপ্রভুর উপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে। 37:10 আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে; খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না। 37:11 কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে; প্রচুর আশীর্বাদ পেয়ে তারা আনন্দে মাতবে। 37:12 ঈশ্বরভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে। 37:13 প্রভু জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে, সেজন্যই তাদের দেখে তিনি হাসেন। 37:14 দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য, সৎ পথে চলা লোকদের মেরে ফেলবার জন্য, দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয়। 37:15 কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবে আর তাদের ধনুক ভেংগে যাবে। 37:16 অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে, কিন্তু ঈশ্বরভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল। 37:17 দুষ্টদের হাত ভেংগে যাবে, কিন্তু সদাপ্রভু ঈশ্বরভক্তদের ধরে রাখবেন। 37:18 নির্দোষ লোকের প্রতিদিনকার জীবন সদাপ্রভু জানেন; তাদের পাওনা সম্পত্তি চিরকাল থাকবে। 37:19 দুঃখের দিনে তারা লজ্জায় পড়বে না; দুর্ভিক্ষের দিনে তারা যথেষ্ট খাবার পাবে। 37:20 কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে; সদাপ্রভুর শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে, মিলিয়ে যাবে ধূমার মত করে। 37:21 দুষ্টেরা ধার করে শোধ দেয় না, কিন্তু ঈশ্বরভক্তেরা দয়ালু ও দানশীল। 37:22 সদাপ্রভু যাদের আশীর্বাদ করেন তারা দেশের দখল পাবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তাদের ধ্বংস করা হবে। 37:23 সদাপ্রভুই শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেন; তাদের জীবন দেখে তিনি খুশী হন। 37:24 পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে। 37:25 আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু ঈশ্বরভক্তদের ত্যাগ করা হয়েছে কিম্বা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখি নি। 37:26 ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়; তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে। 37:27 মন্দতা ত্যাগ কর আর ভাল কাজ কর, তাতে চিরকাল বেঁচে থাকবে। 37:28 সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন; তাঁর ভক্তদের তিনি ত্যাগ করেন না। চিরকাল তাদের রক্ষা করা হবে, কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা হবে। 37:29 ঈশ্বরভক্ত লোকেরা দেশের দখল পাবে আর সেখানে চিরকাল বাস করবে। 37:30 ঈশ্বরভক্তদের মুখ জ্ঞানের কথা প্রচার করে; তাদের জিভ্‌ ন্যায়বিচারের কথা উচ্চারণ করে। 37:31 তাদের ঈশ্বরের নির্দেশ তাদের অন্তরে রয়েছে; তাদের পা পিছ্‌লে যাবে না। 37:32 দুষ্ট লোকেরা ঈশ্বরভক্তদের জন্য ওৎ পেতে থাকে, তাদের মেরে ফেলার চেষ্টা করে। 37:33 কিন্তু সদাপ্রভু দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না; বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না। 37:34 সদাপ্রভুর উপর আশা রাখ, তাঁর পথে চল; তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও। দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে। 37:35 নিষ্ঠুর দুষ্ট লোককে আমি বেড়ে উঠতে দেখেছি, দেখেছি নিজের জায়গায় থাকা ডালপালা ছড়ানো পাতা-ভরা গাছের মত। 37:36 তার পরে সে শেষ হয়ে গেল, আর রইল না; আমি তার খোঁজ করলাম, তাকে পাওয়া গেল না। 37:37 নির্দোষ লোকদের জীবনের দিকে তাকাও; ঐ সৎ লোকদের দেখ। যারা শান্তি ভালবাসে তাদের বংশ থাকবে। 37:38 কিন্তু পাপীরা শেষ হয়ে যাবে; ঐ সব দুষ্ট লোকদের বংশ ধ্বংস হয়ে যাবে। 37:39 ঈশ্বরভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে; বিপদের সময় তিনিই তাদের আশ্রয়। 37:40 সদাপ্রভুই তাদের সাহায্য ও রক্ষা করেন; দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন, আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তাঁরই মধ্যে আশ্রয় নিয়েছে।