Psalms 38
38:1 হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না, কিম্বা অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না;
38:2 কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে, তোমার হাত আমাকে চেপে রেখেছে।
38:3 তোমার ক্রোধের ফলে আমার দেহ স্বাস্থ্যহীন, পাপের জন্য আমার হাড়ও সুস্থ নয়।
38:4 আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি; তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না।
38:5 আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাতে পচন ধরেছে।
38:6 আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি; সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।
38:7 আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে, আমার দেহ স্বাস্থ্যহীন।
38:8 আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি, অন্তরের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।
38:9 হে প্রভু, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে; আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।
38:10 আমার বুক ধুক্ধুক্ করছে, আমার শক্তি চলে গেছে, এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।
38:11 আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরা আমার কাছ থেকে দূরে দূরে থাকে, এমন কি, আমার জ্ঞাতি-গোষ্ঠীরা দূরে সরে থাকে।
38:12 আমাকে যারা মেরে ফেলতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে; যারা আমার ক্ষতি করতে চায় তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়; সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
38:13 আমি যেন বয়রা হয়ে গেছি, কিছুই শুনি না; যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
38:14 যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই, আমি তার মতই হয়েছি।
38:15 হে সদাপ্রভু, আমি তোমার দিকে চেয়ে আছি; হে প্রভু, আমার ঈশ্বর, আমার উত্তর তুমিই দেবে;
38:16 কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্লে যাবে তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না, আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
38:17 আমি তো প্রায় পড়েই যাচ্ছি; আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।
38:18 আমার দোষ আমি স্বীকার করছি; আমার পাপের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।
38:19 আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী; যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।
38:20 আমি তাদের যে মংগল করি তার বদলে তারা আমার অমংগল করে; আমি যখন ভালোর খোঁজ করি তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
38:21 হে সদাপ্রভু, আমাকে ত্যাগ কোরো না; হে আমার ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেকো না।
38:22 হে প্রভু, আমার উদ্ধারকর্তা, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।