Psalms 42
42:1 হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে।
42:2 ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
42:3 আমার চোখের জলই আমার দিনরাতের খোরাক হয়েছে; আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে, “কোথায় গেল তোমার ঈশ্বর?”
42:4 কান্নায় আমি যখন নিজেকে উজাড় করি, তখন আমার মনে পড়ে কেমন করে অসংখ্য পর্ব পালনকারীদের নিয়ে আমি আনন্দ ও ধন্যবাদের চিৎকার দিতে দিতে মিছিল করে ঈশ্বরের ঘরে যেতাম।
42:5 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর গৌরব করব।
42:6 হে আমার ঈশ্বর, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি যর্দন নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি।
42:7 সেখানে তোমার ঝরণার আওয়াজ জলের গর্জনকে ডাক দিচ্ছে; আর তোমার ভেংগে-পড়া ধেয়ে-আসা ঢেউয়ের ধারা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
42:8 দিনে সদাপ্রভু তাঁর অটল ভালবাসা আমার উপর ঢেলে দেন; আর রাতে আমার জীবনের ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ও তাঁর গৌরব-গান আমার সাথী হয়।
42:9 আমার ঈশ্বরের কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে, আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?”
42:10 আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে, “কোথায় গেল তোমার ঈশ্বর?” তখন আমার অবস্থা এমন হয় যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।
42:11 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর গৌরব করব; তিনি আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।