Library · bn

Psalms 41

41:1 ধন্য সেই লোক, যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে; দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন। 41:2 সদাপ্রভু তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন; দেশে সে সুখী হবে। তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না। 41:3 সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে তখন সদাপ্রভু তাকে সান্ত্বনা দেবেন; রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন। 41:4 আমি বললাম, “হে সদাপ্রভু, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি; আমাকে দয়া কর, আমাকে সুস্থ কর।” 41:5 আমার শত্রুরা আমার অমংগল চেয়ে বলে, “ও কখন মরবে? কখন ওর নাম মুছে যাবে?” 41:6 তাদের কেউ আমাকে দেখতে আসলে আমার সংগে ভণ্ডামির কথা বলে; আমার বিরুদ্ধে তারা নিন্দার কথা জোগাড় করে আর বাইরে গিয়ে তা বলে বেড়ায়। 41:7 যারা আমাকে ঘৃণা করে তারা আমার বিরুদ্ধে কানাকানি করে আর আমার অনিষ্টের চিন্তা করে। 41:8 তারা বলে, “ওর উপর ভয়ানক খারাপ কিছু চেপে বসেছে, যেখানে ও শুয়ে আছে সেখান থেকে আর উঠবে না।” 41:9 এমন কি, যে আমার প্রাণের বন্ধু, যার উপর আমার এত বিশ্বাস, যে আমার সংগেই খাওয়া-দাওয়া করে, সে-ও আমার বিরুদ্ধে পা উঠিয়েছে। 41:10 কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার উপর দয়া কর; আমাকে তোলো, যাতে আমি তাদের উপর শোধ নিতে পারি। 41:11 আমি জানি তুমি আমার উপর সন্তুষ্ট, কারণ শত্রু আমার বিরুদ্ধে জয়ের হাঁক আর দেয় না। 41:12 আমার সততার জন্য তুমি আমাকে ধরে রেখেছ; তুমি চিরকালের জন্য আমাকে তোমার সামনে স্থাপন করেছ। 41:13 প্রথম থেকে শেষ পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমেন, আমেন।