Psalms 45
45:1 আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে; রাজার উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে; আমার জিভ্ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।
45:2 মানুষের মধ্যে তুমি পরম সুন্দর; তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা; ঈশ্বরের চিরকালের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ছে।
45:3 হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও; গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও।
45:4 সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর; তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।
45:5 রাজার শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়; তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।
45:6 হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন।
45:7 তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।
45:8 গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে তোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে; হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে তা তোমাকে আনন্দ দেয়।
45:9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন, আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে তোমার ডান দিকে রয়েছেন।
45:10 হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর। তোমার লোকদের তুমি ভুলে যাও, ভুলে যাও তোমার বাবার বাড়ীর কথা।
45:11 তাহলে রাজা তোমার সৌন্দর্যে ধরা দেবেন; তিনিই তোমার মনিব, তাঁকে নত হয়ে প্রণাম কর।
45:12 সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে; খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে।
45:13 রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে; তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে।
45:14 নক্শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরও তোমার কাছে নিয়ে যাওয়া হবে।
45:15 আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে; তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন।
45:16 তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে; মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে।
45:17 বংশের পর বংশে আমি তোমার নাম বাঁচিয়ে রাখব; সেইজন্য বিভিন্ন জাতি যুগের পর যুগ তোমার গৌরব করবে।