Library · bn

Psalms 49

49:1 হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন; যারা এই জগতে বাস করছ তোমরা সবাই কান দাও; 49:2 উঁচু-নীচু, ধনী-গরীব, তোমরা সবাই শোন। 49:3 আমার মুখ থেকে জ্ঞানের কথা বেরিয়ে আসবে; আমার অন্তরের গভীর চিন্তা বুঝবার ক্ষমতা দেবে। 49:4 আমি শিক্ষা-ভরা উদাহরণে মন দেব; বীণার সংগে গান গেয়ে তার গভীর বিষয় ব্যাখ্যা করব। 49:5 যারা ধন-সম্পদের উপরে নির্ভর করে আর প্রচুর ধনের বড়াই করে, দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে, তখন আমি ভয় করব কেন? 49:7 কেউ কোনমতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না কিম্বা ঈশ্বরকে তার মুক্তির মূল্য দিতে পারে না, যাতে সে চিরকাল বেঁচে থাকে আর মৃতস্থানে যেতে না হয়; কারণ জীবন কেনার দাম অনেক, সেই দামের সমান কিছুই নেই। 49:10 জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই; যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড় তারা একইভাবে ধ্বংস হয়; তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়। 49:11 তারা ভাবে তাদের ঘর-বাড়ী চিরস্থায়ী, তাদের বাসস্থান বংশের পর বংশ ধরেই থাকবে, তাই নিজেদের নামেই তারা সম্পত্তির নাম দেয়। 49:12 কিন্তু মানুষ ধনী-মানী হয়েও চিরস্থায়ী নয়; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে। 49:13 যারা নিজের উপর নির্ভর করে, আর তাদের পরে যারা তাদের কথায় সায় দিয়ে চলে, তাদের দশাও তা-ই হবে। [সেলা] 49:14 ভেড়ার পাল্‌কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়, তেমনি নির্দিষ্ট করা মৃতস্থানে সেই লোকদেরও নিয়ে যাওয়া হবে; সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে। নতুন দিনের শুরুতে ঈশ্বরভক্ত লোকেরা তাদের উপর জয়ী হবে; মৃতস্থান তাদের দেহ খেয়ে ফেলবে; তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না। 49:15 কিন্তু মৃতস্থানের হাত থেকে ঈশ্বরই মুক্তির মূল্য দিয়ে আমাকে মুক্ত করে নেবেন; তিনি আমাকে তাঁর নিজের কাছে নিশ্চয়ই নেবেন। [সেলা] 49:16 অন্যে ধনী হয়েছে দেখে ভয় পেয়ো না, ভয় পেয়ো না তার পরিবারের ধন-সম্পদ বেড়ে গেলে; 49:17 কারণ সে মরণকালে কিছুই সংগে নিয়ে যাবে না, তার ধন-সম্পদ তার সংগে মৃতস্থানে যাবে না। 49:18 যদিও জীবনকালে সে নিজেকে ভাগ্যবান মনে করত - অবশ্য কারও উন্নতি হলে লোকেও তাকে ভাগ্যবান বলে- 49:19 তবুও তার পূর্বপুরুষদের কাছে তাকে যেতেই হবে যারা আর কখনও দিনের আলো দেখতে পাবে না। 49:20 মানুষ ধনী-মানী হয়েও ঈশ্বরকে বুঝতে পারে না; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।